জাপানে অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ইস্পাত উৎপাদন কমতে পারে আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ। দেশটির মিনিস্ট্রি অব ইকোনমি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমইটিআই) জানিয়েছে, এ সময় জাপানে ধাতব পণ্যটির মোট উৎপাদন দাঁড়াতে পারে ২ কোটি ২ লাখ ৩০ হাজার টনে। যদিও এটি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেশি। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স।
জাপানের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে ইস্পাতজাত পণ্যের মোট চাহিদা (অভ্যন্তরীণ ও রফতানি মিলিয়ে) কমতে পারে আগের বছরের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ। এ সময় মোট চাহিদা নেমে আসতে পারে ১ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টনে। এছাড়া দেশটি থেকে রফতানি ৬ দশমিক ১ শতাংশ কমে ৬২ লাখ টনে দাঁড়াতে পারে।
এমইটিআইয়ের মেটাল ইন্ডাস্ট্রিজ ডিভিশনের ডিরেক্টর মানাবু নবেশিমা জানান, নির্মাণ খাতে শ্রমিক সংকট ও কাঁচামালের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকায় উৎপাদন কমতে পারে। অন্যদিকে বিদ্যুচ্চালিত গাড়ি শিল্পে চাহিদা বৃদ্ধির গতিও দুর্বল।
তিনি বলেন, ‘চীনে স্থানীয়ভাবে বৈদ্যুচ্চালিত গাড়ি বিক্রি বাড়ায় জাপানের গাড়ি নির্মাতা কোম্পানিগুলো বাজার হারাচ্ছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপের অর্থনৈতিক মন্দাও ইস্পাত রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলছে।’