মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুটি প্রজ্ঞাপন জারি

সৃজনশীল অর্থনীতি ও ব্যবসা সহজীকরণে জাতীয় স্টিয়ারিং কমিটি ও টাস্কফোর্স গঠন

দেশে অর্থনৈতিক বৈচিত্র্য আনয়ন, ক্রিয়েটিভ বা সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং ব্যবসা-বাণিজ্য পরিচালনার প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে দুটি উচ্চপর্যায়ের জাতীয় স্টিয়ারিং কমিটি ও টাস্কফোর্স গঠন করেছে সরকার।

এর মধ্যে ২৭ সদস্যবিশিষ্ট ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ এবং ২২ সদস্যবিশিষ্ট ‘বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণ বিষয়ক জাতীয় টাস্কফোর্স’ রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির প্রধান দায়িত্ব হবে সৃজনশীল অর্থনীতির বিভিন্ন খাতের রোডম্যাপ অনুমোদন ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা। একই সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃমন্ত্রণালয় ও আন্তঃসংস্থার কার্যক্রম সমন্বয় এবং দিকনির্দেশনা প্রদান। এছাড়া বিভিন্ন খাতভিত্তিক কমিটির কার্যক্রম পর্যালোচনা করবে এ কমিটি। ত্রৈমাসিক ভিত্তিতে এসব কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। সদস্য হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা। এছাড়া নীতিনির্ধারণী পর্যায়ে সদস্য হিসেবে আরো থাকবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এবং তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা।

প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের জন্য কমিটিতে সদস্য হিসেবে থাকবেন অর্থ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, সংস্কৃতি সচিব, শিল্প সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান।

বেসরকারি খাত থেকে কমিটির সদস্য করা হয়েছে ব্র্যাকের নির্বাহী পরিচালক, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিসের উপাচার্য এবং ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা বিবি রাসেলসহ আরো একজন খাত বিশেষজ্ঞকে। আর সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি ও টিডিএম অনুবিভাগের অতিরিক্ত সচিব।

অন্যদিকে বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণ বিষয়ক জাতীয় টাস্কফোর্সের প্রধান দায়িত্ব হবে বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণ-সংক্রান্ত খাতভিত্তিক সংস্কারের পথনকশা অনুমোদন ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা। পাশাপাশি লাইসেন্স, অনুমোদন, ছাড়পত্র, কর, শুল্ক, ব্যাংকিং, পুঁজিবাজার, নির্মাণ, পরিবেশ ও স্থানীয় সেবার ক্ষেত্রে অপ্রয়োজনীয় ধাপ চিহ্নিত করে তা সহজীকরণের নির্দেশনা দেবে।

সিঙ্গেল উইন্ডো, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, স্বয়ংক্রিয় বা ‘ডিমড অ্যাপ্রুভাল’ এবং অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা বাস্তবায়নেও নীতিগত দিকনির্দেশনা দেবে এ টাস্কফোর্স। আন্তঃমন্ত্রণালয় ও আন্তঃসংস্থাগত জটিলতা দ্রুত নিষ্পত্তি এবং আইন, বিধি, নীতিমালা, সার্কুলার ও প্রশাসনিক আদেশ সংশোধনের প্রয়োজনীয়তা নিশ্চিত করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে।

এছাড়া ‘ইনভেস্ট বাংলাদেশ অথরিটি’র কার্যক্রম জোরদার করতে একটি বিশেষায়িত ওয়েবসাইট তৈরি করা হবে। এর মাধ্যমে বিনিয়োগকারী বা সেবাগ্রহীতার অভিযোগ, অনিয়ম ও বিলম্ব মনিটরিং এবং উপযুক্ত ক্ষেত্রে তা টাস্কফোর্সের কাছে উপস্থাপন করা হবে। টাস্কফোর্সের কার্যক্রমের অগ্রগতিও ত্রৈমাসিক ভিত্তিতে পর্যালোচনা করা হবে। অর্থ বিভাগ এ টাস্কফোর্সকে সাচিবিক সহায়তা দেবে।

বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণ বিষয়ক জাতীয় টাস্কফোর্সের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। সরকারের নীতিনির্ধারক পর্যায় থেকে এতে সদস্য হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী।

টাস্কফোর্সের সদস্য হিসেবে আরো থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিব, নৌ-পরিবহন সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) নিবন্ধক।

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন ও চেম্বারগুলোর মধ্যে সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করবেন এফবিসিসিআই সভাপতি, ফিকি সভাপতি, ডিসিসিআই সভাপতি, এমসিসিআই সভাপতি, বিজিএমইএ সভাপতি এবং বিকেএমইএ সভাপতি। জাতীয় টাস্কফোর্সের সার্বিক কার্যক্রম সমন্বয় ও সাচিবিক দায়িত্ব পালনের জন্য সদস্য সচিব হিসেবে থাকবেন অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি ও টিডিএম অনুবিভাগের অতিরিক্ত সচিব।

আরও