আইইএর পূর্বাভাস

২০২৬ সালে আরো বাড়বে জ্বালানি তেলের উদ্বৃত্ত

সরবরাহ বেড়ে যাওয়ায় আগামী বছর বিশ্ববাজারে জ্বালানি তেলের উদ্বৃত্ত আরো বাড়তে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)।

সরবরাহ বেড়ে যাওয়ায় আগামী বছর বিশ্ববাজারে জ্বালানি তেলের উদ্বৃত্ত আরো বাড়তে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। সংস্থাটি জানায়, ওপেক প্লাস এবং অন্যান্য দেশ উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নেয়ায় ২০২৬ সালে বাজারে সরবরাহ চাহিদার তুলনায় অনেক বেশি হতে পারে। খবর রয়টার্স।

সম্প্রতি প্রকাশিত মাসভিত্তিক প্রতিবেদনে আইইএ জানায়, ২০২৫ সালে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ দৈনিক ৩০ লাখ ব্যারেল বাড়বে। আগে দেয়া পূর্বাভাসে যা ছিল দৈনিক ২৭ লাখ ব্যারেল। ২০২৬ তা আরো দৈনিক ২৪ লাখ ব্যারেল বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

ওপেক প্লাসের সদস্যরাষ্ট্রগুলো সম্প্রতি জ্বালানি তেল উত্তোলন হ্রাসের নীতি দ্রুত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। এপ্রিল থেকে উত্তোলন বাড়াচ্ছে সদস্যদেশগুলো। ফলে বাজারে অতিরিক্ত সরবরাহের কারণে দামে নিম্নমুখী চাপ তৈরি হচ্ছে।

আইইএ হালনাগাদ প্রতিবেদনে জানিয়েছে, বিশ্ববাজারে চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ প্রবৃদ্ধি দ্রুত হচ্ছে। সংস্থাটি এ বছর বৈশ্বিক জ্বালানি তেল চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কিছুটা কমিয়ে দৈনিক ৭ লাখ ১০ হাজার ব্যারেল করেছে, যা আগের তুলনায় ৩০ হাজার ব্যারেল কম। আইইএর বিশ্লেষকদের মতে, ২০২৫ সালের বাকি সময় এবং ২০২৬ জুড়েই জ্বালানি তেল ব্যবহারের গতি নিম্নমুখী থাকবে। বছরে গড়ে চাহিদা বাড়বে মাত্র ৭ লাখ ব্যারেল করে।

সংস্থাটি আরো জানায়, বৈশ্বিক অর্থনীতিতে অস্থিতিশীলতা এবং পরিবহন খাতে বিদ্যুচ্চালিত যানবাহনের ব্যবহার বৃদ্ধির কারণে জ্বালানি তেলের চাহিদা গতানুগতিক প্রবৃদ্ধির ধারা থেকে অনেক কমে গেছে।

অন্যদিকে ওপেক জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা দৈনিক ১৩ লাখ ব্যারেল বাড়বে, যা আইইএর দেয়া পূর্বাভাসের প্রায় দ্বিগুণ। সংস্থাটির মতে, বিশ্ব অর্থনীতি তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছে। এ কারণে চাহিদা ঊর্ধ্বমুখী থাকতে পারে।

তবে আইইএর হিসাব অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহ চাহিদার তুলনায় দৈনিক প্রায় ৪ লাখ ব্যারেল বেশি হতে পারে। এর পেছনে ওপেক প্লাস যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল ও গায়ানার উত্তোলন বৃদ্ধি ভূমিকা রাখতে পারে।

সেপ্টেম্বরে এ উত্তোলন বৃদ্ধির পরিমাণ ছিল দৈনিক ৩৩ লাখ ব্যারেল।

রয়টার্সের সাম্প্রতিক এক জরিপে বিশ্লেষকরা জানিয়েছেন, ২০২৬ সালে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে দৈনিক প্রায় ১৬ লাখ ব্যারেল উদ্বৃত্ত দেখা দিতে পারে।

এদিকে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ১ ডলার ১ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬২ ডলার ৩১ সেন্টে। একই সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৯৫ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলে ৫৮ ডলার ৫৪ সেন্টে নেমেছে।

আরও