আর্জেন্টিনা ও উরুগুয়ে থেকে সয়াবিন আমদানি বাড়াচ্ছে চীন

চলমান বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে কৃষিপণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের পরিবর্তে দক্ষিণ আমেরিকার দেশগুলোর ওপর নির্ভরতা বাড়াচ্ছে চীন।

চলমান বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে কৃষিপণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের পরিবর্তে দক্ষিণ আমেরিকার দেশগুলোর ওপর নির্ভরতা বাড়াচ্ছে চীন। দেশটি আগামী এক বছরে আর্জেন্টিনা ও উরুগুয়ে থেকে রেকর্ড পরিমাণ সয়াবিন কিনতে যাচ্ছে। খবর রয়টার্স।

বাজারসংশ্লিষ্ট দুই সূত্র জানিয়েছে, ২০২৫-২৬ বিপণন মৌসুমে (আগস্ট পর্যন্ত) আর্জেন্টিনা ও উরুগুয়ে থেকে চীন রেকর্ড সর্বোচ্চ এক কোটি টন সয়াবিন কিনতে পারে। এরই মধ্যে সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ২৪ লাখ ৩০ হাজার টন সয়াবিন সরবরাহের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে।

গত সেপ্টেম্বর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত দেশ দুটির কাছ থেকে ৫০ লাখ টন সয়াবিন আমদানি করেছে চীন। একই সময়ে ব্রাজিল থেকেও বিপুল পরিমাণ আমদানি হয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘চলমান বাণিজ্যযুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ওপর আমদানিনির্ভরতা কমাচ্ছে চীন। বিকল্প সরবরাহকারী দেশগুলো থেকে আমদানি বাড়াচ্ছে।’

চীনের ব্যবসায়ীরা জানিয়েছেন, আগস্টের মাঝামাঝি পর্যন্ত সেপ্টেম্বরে সরবরাহের জন্য আর্জেন্টিনা থেকে ১৫ লাখ ৭৫ হাজার টন সয়াবিন আমদানির চুক্তি করা হয়েছে। এ সময় উরুগুয়ে থেকে অক্টোবরে ৬ লাখ ৬০ হাজার টন সয়াবিন সরবরাহের চুক্তি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে শুরু হওয়া শুল্কযুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য থেকে সরে আসছে চীন। ২০১৬ সালে চীনের কৃষিপণ্য আমদানির ২০ শতাংশ সরবরাহ করত যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে তা নেমে এসেছে ১২ শতাংশে। এ সময় দেশটির কৃষিপণ্য আমদানিতে ব্রাজিলের অবদান ১৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২২ শতাংশে।

আরও