ইউরোজোনের শিল্পোৎপাদনে পতন, জানুয়ারিতে কমেছে ১.৫%

চলতি বছরের জানুয়ারিতে ইউরোজোনের শিল্পোৎপাদনে বড় ধরনের ধাক্কা লেগেছে।

ইউরো মুদ্রাভিত্তিক অর্থনৈতিক অঞ্চলে ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে শিল্পোৎপাদন কমেছে দেড় শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু।

আগের বছরের একই সময়ের তুলনায় হিসাব করলে ইউরোজোনে বার্ষিক শিল্পোৎপাদন কমেছে ১ দশমিক ২ শতাংশ। জানুয়ারিতে ইইউজুড়েই এমন পতন লক্ষ করা গেছে। ইইউভুক্ত দেশগুলোয় সম্মিলিতভাবে শিল্পোৎপাদন মাসিক ভিত্তিতে ১ দশমিক ৬ ও বার্ষিক ভিত্তিতে দশমিক ৬ শতাংশ কমেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ব্লকটির দেশগুলোর মধ্যে শিল্পোৎপাদনে সবচেয়ে বড় পতন হয়েছে আয়ারল্যান্ডে। জানুয়ারিতে দেশটিতে উৎপাদন মাসিক ভিত্তিতে কমেছে ৯ দশমিক ৮ শতাংশ। এর পরই রয়েছে লুক্সেমবার্গ ও সুইডেন। দেশ দুটিতে উৎপাদন যথাক্রমে ৪ দশমিক ৩ ও ৪ দশমিক ১ শতাংশ কমতে দেখা গেছে। বার্ষিক হিসাব বিবেচনায় নিলে পরিস্থিতির আরো করুণ চিত্র ফুটে ওঠে। এক্ষেত্রে লুক্সেমবার্গে উৎপাদন সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ দশমিক ৯ শতাংশ কমেছে। এছাড়া আয়ারল্যান্ডে ১৩ দশমিক ১ ও বুলগেরিয়ায় ৮ দশমিক ৬ শতাংশ উৎপাদন কমেছে। তবে এর মধ্যেও কিছু দেশ ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে।

মাসিক ভিত্তিতে সবচেয়ে বড় প্রবৃদ্ধি দেখা গেছে পর্তুগালে (৪ দশমিক ২ শতাংশ)। এছাড়া লাটভিয়ায় ৩ দশমিক ৩ ও লিথুয়ানিয়ায় ২ দশমিক ৭ শতাংশ উৎপাদন বেড়েছে। এছাড়া বার্ষিক হিসাবে লাটভিয়া ১৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে সবার শীর্ষে রয়েছে। পাশাপাশি ডেনমার্কে ১১ দশমিক ৫ ও এস্তোনিয়ায় ৫ দশমিক ৯ শতাংশ শিল্পোৎপাদন বেড়েছে।

ইউরোপের শিল্প খাতে এ অস্থিরতা অঞ্চলটির সামগ্রিক অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও