‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গতকাল রাজধানীর শান্তা পিনাকল ভবনে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সততা, স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে প্রিমিয়ার ব্যাংকের কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন পরিচালনা পর্ষদ ও শীর্ষ নির্বাহীরা।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ দোয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রিমিয়ার ব্যাংকের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করা নিষ্ঠাবান কর্মকর্তাদের সম্মাননা দেয়া হয়। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। তিনি বলেন, ‘অতীতের অনিয়মের অবসান ঘটিয়ে আমরা সততা ও স্বচ্ছতার পথে প্রিমিয়ার ব্যাংককে এগিয়ে নেয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।’ আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণ, সেবার মান বৃদ্ধি ও গ্রাহকদের আস্থা অর্জনে সুপরিকল্পিত সিদ্ধান্ত এবং সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, ‘প্রিমিয়ার ব্যাংকের ২৭ বছরের পথচলায় কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা ও গ্রাহকদের অটুট আস্থাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার মূল শক্তি।’ সততা, স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে ব্যাংকটি টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম, স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।