‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের বিপরীতে ইস্যুকৃত ৮ হাজার কোটি টাকার প্রথম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের মেয়াদ আরো পাঁচ বছর বাড়ানো হয়েছে। মূলত সুকুকটির মেয়াদপূর্তি নির্ধারিত ছিল চলতি বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত, যা পুনর্নির্ধারণ করে ২৯ ডিসেম্বর, ২০৩০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আওতাধীন শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির সুপারিশ ও সরকারের ক্যাশ অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্তক্রমে সুকুক ধারকদের স্বার্থ, শরিয়াহ বিধান ও কার্যকারিতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির সভায় সুকুক বর্ধিত মেয়াদ-সংক্রান্ত আনুষঙ্গিক দলিল অনুমোদন করা হয়।
মেয়াদ বৃদ্ধির পর ইজারাকৃত সুকুক সম্পদ ব্যবহারের বিপরীতে সরকার মোট ৩ হাজার ৮০৪ কোটি টাকা বিনিয়োগকারীদের ভাড়া হিসেবে দেবে। হিসাবায়নের ভিত্তিতে এর বার্ষিক হার দাঁড়ায় ৯ দশমিক ৫১ শতাংশ, যা বর্তমানে কার্যকর হারে ৪ দশমিক ৬৯ শতাংশ। বিনিয়োগকারীরা বর্ধিত মেয়াদেও সুকুক ধারণ করতে পারবেন।
তবে যারা বিনিয়োগ অব্যাহত রাখতে চান না তারা নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের স্পেশাল পারপাস ভেহিকল—ইসলামিক সিকিউরিটিজ সেকশনের (ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট) কাছে আবেদন করে ২৯ ডিসেম্বর সুকুক নগদায়ন করতে পারবেন।
সুকুক নগদায়নসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে সংশ্লিষ্টদের অবহিত করা হবে বলেও কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।