পঞ্চগড়সহ উত্তরবঙ্গের অর্ধেক চা নিলাম কেন্দ্রে যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান শেখ মো. সরওয়ার হোসেন।
পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল চা চোরাচালান রোধ ও উত্তরাঞ্চলের চা শিল্পের উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সভার আয়োজন করে বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়।
চা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘সাময়িক লোভে পড়ে অনেকে অনিয়ম করছেন। কিন্তু পাতা তো ফ্যাক্টরিতে ঢুকছে আর চা-ও উৎপাদন হচ্ছে। কেউ এখান থেকে ট্রাকে পাঠাচ্ছেন এবং এটা অকশন সেন্টারে না গিয়ে অন্য জায়গায় যাচ্ছে। বলা যায় পঞ্চগড়সহ উত্তরবঙ্গের ৫০ শতাংশ চা নিলাম কেন্দ্রে যাচ্ছে না।’
চা চোরাচালান বন্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘অবৈধ চা যে প্রতিষ্ঠান পরিবহন করবে, কেনা-বেচায় জড়িত থাকবে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা করবে চা বোর্ড।’
জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে মতবিনিসময় সভায় যুগ্ম সচিব ড. পীযুষ দত্ত, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।