এপ্রিল-জুন প্রান্তিক

বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা বেড়েছে ৩ শতাংশ

বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা চলতি ২০২৫ পঞ্জিকাবর্ষের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ৩ শতাংশ বেড়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা চলতি ২০২৫ পঞ্জিকাবর্ষের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ৩ শতাংশ বেড়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ সময় স্বর্ণের চাহিদা বেড়েছে মূলত বিনিয়োগ খাতে। এর বিপরীতে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয় ও গহনার চাহিদা উল্লেখযোগ্যভাবে কমেছে। খবর রয়টার্স।

ডব্লিউজিসির তথ্যানুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে বিশ্বব্যাপী স্বর্ণের মোট চাহিদা ছিল ১ হাজার ২৪৮ দশমিক ৮ টনে। বিনিয়োগ খাতে চাহিদা এক বছরে বেড়েছে ৭৮ শতাংশ। এ সময়ে আন্তর্জাতিক বাজারের স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে ২৬ শতাংশ। গত এপ্রিলে স্বর্ণের দাম রেকর্ড আউন্সপ্রতি ৩ হাজার ৫০০ ডলার ছুঁয়েছিল। বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ ও আপৎকালীন সম্পদ হিসেবে ধাতুটিতে আগ্রহ বাড়িয়েছেন বিনিয়োগকারীরা।

ডব্লিউজিসির প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে স্বর্ণবারের চাহিদা ২১ শতাংশ বেড়েছে। তবে স্বর্ণমুদ্রার চাহিদা কমেছে। একই সময়ে স্বর্ণ-সমর্থিত এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডগুলো (ইটিএফ) ২০২০ সালের পর সবচেয়ে বড় অর্ধবার্ষিক প্রবাহ রেকর্ড করেছে।

এ সময় গহনার চাহিদা ১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪১ টনে, যা ২০২০ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) পর সর্বনিম্ন। ডব্লিউজিসির হিসাব অনুযায়ী, চাহিদায় পতনের প্রধান কারণ চীন ও ভারত। স্বর্ণের গহনায় দুই দেশের সম্মিলিত বাজার হিস্যা এখন ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়ও দ্বিতীয় প্রান্তিকে ২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬৬ দশমিক ৫ টনে। কাউন্সিলটি জানিয়েছে, স্বর্ণ ক্রয়ের দীর্ঘমেয়াদি প্রবণতা বজায় থাকলেও স্বল্পমেয়াদে কেন্দ্রীয় ব্যাংকগুলোর চাহিদা কিছুটা দুর্বল হয়েছে।

সরবরাহের ক্ষেত্রে দ্বিতীয় প্রান্তিকে মূল্যবান ধাতুটির পুনর্ব্যবহার ৪ শতাংশ বেড়ে ৩৪৭ দশমিক ২ টনে পৌঁছেছে। তবে রেকর্ড মূল্যের পরও ভারতীয় ভোক্তারা পুরনো গহনা বিক্রি না করে তা দিয়ে নতুন গহনা তৈরি বা ঋণের জামানত হিসেবে ব্যবহারে আগ্রহী হয়েছেন।

ডব্লিউজিসি জানিয়েছে, বছরের বাকি সময়ে স্বর্ণ ইটিএফের প্রবাহ বাড়তে পারে। তবে খুচরা বিনিয়োগের প্রবণতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়ের পূর্বাভাস কিছুটা কমানো হলেও দীর্ঘমেয়াদে রিজার্ভ ডলার থেকে স্বর্ণে স্থানান্তরের প্রবণতা অব্যাহত থাকবে।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম ছিল আউন্সপ্রতি ৩ হাজার ২৯৩ ডলার ৫৬ সেন্ট। এর আগে বৃহস্পতিবার আউন্সপ্রতি স্বর্ণের দাম ছিল ৩ হাজার ৩০১ ডলার ৪৯ সেন্ট। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে লেনদেন হয়েছে আউন্সপ্রতি ৩ হাজার ৩৪৪ ডলার ৬০ সেন্টে।

আরও