এসব প্রতিবেদনে বৈশ্বিক অর্থনীতির বর্তমান চিত্রও ফুটে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোয় বাড়তি বিনিয়োগ টেলিকম সরঞ্জাম নির্মাতা নকিয়ার আয় ও মুনাফা বাড়াতে সহায়তা করেছে। অন্যদিকে গাড়ির চাহিদা কমে যাওয়া, উৎপাদন ব্যাহত হওয়া ও ব্যয় বেড়ে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার হুন্দাই মোটরের মুনাফা উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সময় বিশ্বের বৃহত্তম প্যাকেটজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে প্রত্যাশার চেয়ে ভালো বিক্রি করেছে। পাশাপাশি পানীয় ও বোতলজাত পানি ব্যবসা নিয়ে নতুন যৌথ উদ্যোগ গঠনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এআই-নির্ভর চাহিদায় বেড়েছে নকিয়ার আয় ও মুনাফা
ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান নকিয়ার পরিচালন মুনাফা এপ্রিল-জুন প্রান্তিকে ১৮ শতাংশ বেড়ে ৪৩ কোটি ৪০ লাখ ইউরোয় দাঁড়িয়েছে। এটি বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়েও বেশি। একই সময় কোম্পানির বিক্রি বেড়ে ৪৮২ কোটি ইউরোয় পৌঁছেছে।
এআই ও ক্লাউড ডেটা সেন্টার নির্মাণে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের চাহিদা বাড়ার ফলে এ খাত থেকে নকিয়ার বিক্রি দ্বিগুণ হয়ে ৪৪ কোটি ৬০ লাখ ইউরোয় পৌঁছেছে। গত প্রান্তিকে প্রতিষ্ঠানটি নতুন ক্রয়াদেশ পেয়েছে ২৮০ কোটি ইউরোর। এ সাফল্যের পর পুরো বছরের পরিচালন মুনাফার পূর্বাভাসও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।
হুন্দাইয়ের মুনাফা কমেছে ২১ শতাংশ
দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা হুন্দাই মোটরের এপ্রিল-জুন প্রান্তিকের পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ কমে ২ দশমিক ৯ ট্রিলিয়ন ওনে নেমেছে। এ ফলাফল বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও দুর্বল।
প্রতিষ্ঠানটি জানায়, গাড়ি বিক্রি কমে যাওয়া, সরবরাহকারী প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের কারণে উৎপাদন ব্যাহত হওয়া এবং জ্বালানি ও কাঁচামালের ব্যয় বাড়ায় মুনাফা কমেছে। দক্ষিণ কোরিয়ায় হুন্দাইয়ের গাড়ি বিক্রি ১৬ শতাংশ কমেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিক্রি ধরে রাখতে ছাড় বাড়াতে হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ভর্তুকি শেষ হওয়ায় বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রির হিস্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।
বিক্রি বেড়েছে নেসলের
বিশ্বের বৃহত্তম প্যাকেটজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলের এপ্রিল-জুন প্রান্তিকের অর্গানিক সেলস ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এটি বাজারের প্রত্যাশার চেয়ে সামান্য বেশি।
প্রতিষ্ঠানটি জানায়, বিনিয়োগ প্রতিষ্ঠান প্লাটিনাম ইকুইটির সঙ্গে বোতলজাত পানি ও প্রিমিয়াম পানীয় ব্যবসা নিয়ে ৫০:৫০ মালিকানার একটি যৌথ উদ্যোগ গঠন করা হবে। নতুন প্রতিষ্ঠানের নাম হবে পেরানেল। এর আওতায় ১২০টি দেশে ৩০টির বেশি ব্র্যান্ড বাজারজাত করা হবে।
আয় বাড়লেও টেসলার মুনাফায় ধস
প্রত্যাশার চেয়ে কম মুনাফা অর্জনের কথা জানিয়ে দ্বিতীয় প্রান্তিকের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করেছে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। গত প্রান্তিকে টেসলার শেয়ারপ্রতি আয় হয়েছে ৩১ সেন্ট, যা ওয়াল স্ট্রিটের ৫১ সেন্ট পূর্বাভাসের চেয়ে বেশ কম। অবশ্য একই সময় প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২৩ কোটি ডলারে, যা প্রত্যাশিত ২ হাজার ৫৭১ কোটি ডলারকে ছাড়িয়ে গেছে। —রয়টার্স অবলম্বনে