দেড় বছরের মধ্যে সব আর্থিক প্রতিষ্ঠান আন্তঃলেনদেনে আসতে পারে —গভর্নর

আগামী দেড় বছরের মধ্যে দেশের ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), বীমা, আর্থিক ও ক্ষুদ্র ঋণসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান আন্তঃলেনদেনে আসতে পারে।

আগামী দেড় বছরের মধ্যে দেশের ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), বীমা, আর্থিক ও ক্ষুদ্র ঋণসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান আন্তঃলেনদেনে আসতে পারে। এতে নগদ লেনদেন চাহিদা অনেক কমে যাবে। টাকা ক্যাশ আউটের প্রয়োজন হবে না।

রাজধানীর একটি হোটেলে গতকাল এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংক ও গেটস ফাউন্ডেশন যৌথভাবে ‘ইনস্ট্যান্ট পেমেন্ট ইন বাংলাদেশ: আনভেইলিং ইনক্লুশন অপারচুনিটিজ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় দেশে আন্তঃলেনদেন প্লাটফর্ম (ইন্টারঅপারেবল ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বা আইআইপিএস) প্রতিষ্ঠার বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের (এমওইউ) বিষয়ে জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গেটস ফাউন্ডেশনের সহায়তায় তৈরি আন্তঃলেনদেনের উন্মুক্ত সফটওয়্যার মোজালুপের সহায়তায় এ প্লাটফর্ম চালু করা হবে।

অনুষ্ঠানে গভর্নর বলেন, ‘লেনদেনে স্বচ্ছতা আনতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। এ ব্যবস্থার মাধ্যমে লেনদেনে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি রাজস্ব সংগ্রহ বাড়বে। ক্ষুদ্র ঋণ সংস্থাসহ সব প্রতিষ্ঠানকে একই চ্যানেলের আওতায় নিয়ে আসা হবে।’

ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতায় চলতি মাসের ১ তারিখ থেকে দেশে আইআইপিএস চালু করা হলেও বিকাশসহ দেশের অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠান এ সেবায় অংশগ্রহণ করেনি। এ বিষয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, ‘সিস্টেমটি চালু হলেও এখনো অনেক প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করেনি। তবে গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক নতুন একটি প্লাটফর্ম চালু করতে যাচ্ছে। ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে এ প্লাটফর্ম পুরোপুরি চালু করার পরিকল্পনা রয়েছে। এর ফলে সব আর্থিক প্রতিষ্ঠান আন্তঃলেনদেনে আসতে পারে।’

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান, গেটস ফাউন্ডেশনের অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার (আইএফএস) পরিচালক মাইকেল উইগ্যান্ড ও বাংলাদেশ কান্ট্রি লিড স্নিগ্ধা আলী এবং কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের (পিএসডি) পরিচালক মো. শরাফত উল্লাহ খান।

আরও