ভারতে বাড়তে পারে এলএনজি আমদানি

ভারতে সম্প্রতি বেড়েছে বিদ্যুতের চাহিদা। ফলে সামনের দিনগুলোয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়াতে পারে দেশটি।

ভারতে সম্প্রতি বেড়েছে বিদ্যুতের চাহিদা। ফলে সামনের দিনগুলোয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়াতে পারে দেশটি। ভারতের শীর্ষ প্রাকৃতিক গ্যাস আমদানিকারক সংস্থা পেট্রোনেট এলএনজির প্রধান নির্বাহী একে সিং এ তথ্য জানিয়েছেন। খবর বিজনেস রেকর্ডার।

সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ চাহিদা মেটাতে ভারত সরকার গত সপ্তাহে জরুরি পদক্ষেপ হিসেবে ২৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত কম সক্ষমতায় চলা গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে পূর্ণ ক্ষমতায় চালানোর নির্দেশ দিয়েছে।

এ মাসে ভারতে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা কম থাকায় এখন পর্যন্ত বিদ্যুৎ চাহিদা তুলনামূলকভাবে কম ছিল। একে সিং বলেন, ‘গত কয়েক দিনে বিদ্যুতের চাহিদা বাড়তে শুরু করেছে। তাই মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ এবং জুনে এলএনজির চাহিদা বাড়তে পারে।’

গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো কয়লা, সৌর ও বায়ুশক্তিনির্ভর কেন্দ্রগুলোর তুলনায় ব্যয়বহুল হওয়ায় ভারতের প্রায় ৬০ শতাংশ গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। তবে স্পট মার্কেট ও দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ মূল্যের ব্যবধান কমে আসায় কিছু কোম্পানি পুনরায় আমদানি বাড়াচ্ছে বলে জানিয়েছেন একে সিং।

আরও