বিশ্বজুড়ে মে মাসে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে ৩.৮%

বিশ্বজুড়ে গত মাসে অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ কমেছে।

বিশ্বজুড়ে গত মাসে অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ কমেছে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ওয়ার্ল্ড স্টিল) সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, মে মাসে বিশ্বজুড়ে ধাতবপণ্যটির মোট উৎপাদন দাঁড়িয়েছে ১৫ কোটি ৮৮ লাখ টনে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এ নিম্নমুখিতার পেছনে প্রধান ভূমিকা রেখেছে চীন ও জাপানে ধাতবপণ্যটির উৎপাদন কমে যাওয়া। খবর আনাদোলু এজেন্সি ও হেলেনিক শিপিং নিউজ।

বিশ্বে শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ চীন। চীনের অর্থনীতিতে রিয়েল এস্টেট খাতে সবচেয়ে বেশি ধাতবপণ্যটির ব্যবহার হয়। সাম্প্রতিক বছরগুলোয় চীনের আবাসন বাজারে বড় ধরনের ধস নেমেছে—বহু নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে গেছে বা বিলম্বিত হয়েছে। ফলে নির্মাণকাজে ইস্পাতের চাহিদা কমেছে দেশটিতে। এছাড়া চীন সরকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইস্পাত কারখানাগুলোয় কঠোর কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ আরোপ করেছে। এসব পরিবেশগত বিধিনিষেধ অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আংশিক বা পুরোপুরি উৎপাদন বন্ধ করতে বাধ্য করেছে। এছাড়া দরপতন মোকাবেলায় চীন অনেক ক্ষেত্রে স্বেচ্ছায় অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমিয়েছে।

ওয়ার্ল্ড স্টিলের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে চীনের অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের বছরের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ কমে ৮ কোটি ৬৬ লাখ টনে নেমেছে। একই সময়ে জাপানে কমেছে ৪ দশমিক ৭ শতাংশ। মে মাসে জাপানে মোট ইস্পাত উৎপাদন হয়েছে ৬৮ লাখ টন।

ভারতে বেশ কয়েক মাস ধরেই অপরিশোধিত ইস্পাত উৎপাদনে ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। ভারত সরকার ২০৩০ সালের মধ্যে উৎপাদন সক্ষমতা বছরে ৩০ কোটি টনে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশটির অবকাঠামো খাতে বিপুল বিনিয়োগ ধাতবপণ্যটির উৎপাদন বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া চীন, রাশিয়া ও ইউক্রেনের উৎপাদন কমায় অনেক দেশের জন্য বিকল্প উৎস হয়ে উঠেছে ভারত। ওয়ার্ল্ড স্টিল জানায়, মে মাসে ভারতের অপরিশোধিত ইস্পাত উৎপাদন ৯ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ কোটি ৩৫ লাখ টনে পৌঁছেছে।

ইরানে একই সময়ে উৎপাদন ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ লাখ টনে।

ওয়ার্ল্ড স্টিলের তথ্যানুযায়ী, অঞ্চল ভিত্তিতে এশিয়া ও ওশেনিয়ার দেশগুলো চলতি বছরের মে মাসে মোট ১১ কোটি ৬৬ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ কম। এ সময় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় মোট উৎপাদন ৩ দশমিক ১ শতংশ কমে ১ কোটি ১৪ লাখ টনে নেমে এসেছে। গত মাসে ইউরোপের অন্য অঞ্চলগুলোয় (ইইউ বহির্ভূত) মোট উৎপাদনের পরিমাণ ছিল ৩৬ লাখ টন, যা আগের তুলনায় ৮ দশমিক ৮ শতাংশ কম।

আরও