আইএআইয়ের প্রতিবেদন

মধ্যপ্রাচ্যের অ্যালুমিনিয়াম উৎপাদন কমে দাঁড়িয়েছে ৬২ শতাংশে

আন্তর্জাতিক অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট (আইএআই) এক বিবৃতিতে জানিয়েছে, গত এপ্রিলে উপসাগরীয় অঞ্চলে দৈনিক অ্যালুমিনিয়াম উৎপাদন কমে ১০ হাজার ৯৮৯ টনে দাঁড়িয়েছে। এটি গত মার্চের তুলনায় ২৬ দশমিক ৭ শতাংশ কম।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক শিল্প খাত বড় ধরনের সরবরাহ সংকটের মুখে পড়েছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে প্রাথমিক অ্যালুমিনিয়াম উৎপাদন যুদ্ধপূর্ব সময়ের তুলনায় কমে মাত্র ৬২ শতাংশে নেমে এসেছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা তৈরি হওয়ায় বড় শোধনাগার বা স্মেল্টারগুলো উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। এতে বিশ্ববাজারে দীর্ঘমেয়াদি ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। খবর দ্য বিজনেসলাইন।

আন্তর্জাতিক অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট (আইএআই) এক বিবৃতিতে জানিয়েছে, গত এপ্রিলে উপসাগরীয় অঞ্চলে দৈনিক অ্যালুমিনিয়াম উৎপাদন কমে ১০ হাজার ৯৮৯ টনে দাঁড়িয়েছে। এটি গত মার্চের তুলনায় ২৬ দশমিক ৭ শতাংশ কম। মার্চে দৈনিক উৎপাদন ছিল ১৫ হাজার টন। যুদ্ধ শুরুর আগের স্বাভাবিক সময়ের তুলনায় উৎপাদন প্রায় ৩৮ শতাংশ কমেছে।

আইএআইর মহাসচিব জোনাথন গ্র্যান্ট বলেন, ‘এপ্রিলের এ পতনই হয়তো শেষ নয়, পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। যুদ্ধের কারণে এই অঞ্চলের উৎপাদন এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় শোধনাগারগুলো প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করতে পারছে না। বিকল্প স্থলপথ ব্যবহারের চেষ্টা করা হলেও তা চাহিদার তুলনায় খুবই সামান্য।’

উপসাগরীয় অঞ্চলটি বিশ্ববাজারে মাত্র ৬-৮ শতাংশ অ্যালুমিনিয়াম সরবরাহ করলেও উন্নত দেশগুলো এই অঞ্চলের ওপর ভীষণভাবে নির্ভরশীল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৯ শতাংশ, যুক্তরাষ্ট্রের ২০-২১ ও জাপানের ২৮ শতাংশ অ্যালুমিনিয়াম আসে এই অঞ্চল থেকে। এ ছাড়া দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও তুরস্ক এ সংকটের কারণে বড় ঝুঁকিতে পড়েছে। গাড়ি নির্মাণ, উড়োজাহাজ শিল্প, আবাসন ও বৈদ্যুতিক অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাতে অ্যালুমিনিয়াম অপরিহার্য উপাদান।

বাজার বিশ্লেষক ফাদওয়া আউইনি জানান, জাহাজ চলাচল বন্ধ থাকা এবং স্থানীয়ভাবে পণ্য মজুতের জায়গা না থাকায় কোম্পানিগুলো উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। যেমন অ্যালুমিনিয়াম বাহরাইন (আলবা) চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) উৎপাদন ১৪ শতাংশ এবং বিক্রি ১৭ শতাংশ কমিয়েছে। অন্যদিকে সৌদি আরবের মা’আদেন উৎপাদন ৪ শতাংশ এবং সরবরাহ ৮ শতাংশ কমিয়েছে।

কাঁচামালের এই সংকট বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিকে স্থবির করে দিচ্ছে। বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) বিশ্বব্যাপী অ্যালুমিনিয়াম উৎপাদন বেড়েছে মাত্র দশমিক শূন্য ৪ শতাংশ। বিশ্বের প্রধান উৎপাদনকারী দেশ চীনের উৎপাদনও একটি নির্দিষ্ট সীমার মধ্যে আটকে আছে। ফলে সংকটের জেরে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) অ্যালুমিনিয়ামের দাম মার্চের তুলনায় ১০ শতাংশ বেড়ে প্রতি টন ৩ হাজার ৬৪০ থেকে ৩ হাজার ৭৬০ ডলারে ওঠানামা করছে।

আরও