ব্লক মার্কেটে বড় লেনদেন, শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২০৭ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৬৭ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা। সাম্প্রতিক সময়ে এর আগে ডিএসইর ব্লক মার্কেটে লেনদেনের পরিমাণ ২০০ কোটি টাকা ছাড়ায়নি।

তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফাইন ফুডস, এমএল ডায়িং, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, রেনাটা, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও সোনারগাঁও টেক্সটাইল।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সবচেয়ে বেশি ৭২ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৫৭ টাকা ৮০ পয়সায়। সম্প্রতি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই কোম্পানিটির এক কোটি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বিএসইসির (উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ডিএসই ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার কেনার ঘোষণা দেন তিনি। কোম্পানিটির সর্বশেষ শেয়ারদর অনুসারে এক কোটি শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ১৫৭ কোটি ৮০ লাখ টাকা। ব্লক মার্কেটের মাধ্যমে শেয়ার লেনদেন করা হলে সেটি কোম্পানির বাজারদরকে প্রভাবিত করে না। এ কারণে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকরা বাজার থেকে নিজ কোম্পানির বড় অংকের শেয়ার কেনার সময় ব্লক মার্কেটের মাধ্যমে শেয়ার ক্রয় করে থাকেন।

ব্লক মার্কেটে গত সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ গ্রামীণফোনের ২৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৬২ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশনের ২৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৩৮২ টাকায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ সামিট অ্যালায়েন্স পোর্টের ১১ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৭ টাকা ৭০ পয়সায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে ফাইন ফুডসের ১০ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৭০ টাকা ৯০ পয়সায়। এমএল ডায়িংয়ের ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৯ টাকায়। জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫২৩ টাকা ৯০ পয়সায়।

এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে রেনাটার ৪ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৫৪ টাকায়। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৮৫ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে সোনারগাঁও টেক্সটাইলসের ৩ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৪ টাকা ৫০ পয়সায়।

আরও