ফলে দেশটিতে পাম অয়েলের ব্যবহার বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে বিশ্ববাজারে পণ্যটির সরবরাহ সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এমন আশঙ্কায় গত সপ্তাহে ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম বেড়েছে ৩ দশমিক ৮০ শতাংশ।
বিজনেস রেকর্ডারের গতকাল প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়া আগামী ১ জুলাই থেকে ‘বি৫০’ বায়োডিজেল ম্যান্ডেট চালু করতে যাচ্ছে। গত বৃহস্পতিবার দেশটির জ্বালানিমন্ত্রী বাহলিল লাহাডালিয়া আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
উল্লেখ্য, বি৫০ নীতি হলো পরিবেশবান্ধব বায়োডিজেল মিশ্রণ নীতি। অর্থাৎ জ্বালানি তেলে ৫০ শতাংশ পাম অয়েল থেকে উৎপাদিত বায়োডিজেল এবং বাকি ৫০ শতাংশ প্রচলিত খনিজ ডিজেলের মিশ্রণ ব্যবহার করা। মূলত খনিজ তেলের ওপর নির্ভরতা কমানো ও পরিবেশ দূষণ রোধে বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া এমন পদক্ষেপ নিয়েছে।
বাজারসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জ (বিএমডিই) ফিউচার মার্কেটে সেপ্টেম্বর সরবরাহের চুক্তিতে মালয়েশীয় পাম অয়েলের দাম টনে ৭২ রিঙ্গিত বা ১ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। এ সময় প্রতি টনের মূল্য পৌঁছেছে ৪ হাজার ৬৪৫ রিঙ্গিতে বা ১ হাজার ১২৩ ডলার ৬১ সেন্টে। তবে সরকারি ছুটির কারণে এদিন ডালিয়ান স্টক এক্সচেঞ্জ ও শিকাগো স্টক এক্সচেঞ্জের বাজার বন্ধ ছিল।