এয়ারবাসের ১৫০ উড়োজাহাজ কিনছে এয়ারএশিয়া

চুক্তিমূল্য ১৯ বিলিয়ন ডলার

এয়ারবাসের ‘এ২২০-৩০০’ মডেলের ১৫০টি জেট উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে এয়ারএশিয়া।

দুই কোম্পানির মধ্যকার চুক্তিটির আর্থিক মূল্য প্রায় ১৯ বিলিয়ন বা ১ হাজার ৯০০ কোটি ডলার। এটি এ২২০ মডেলের উড়োজাহাজের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় একক অর্ডার বা ক্রয়াদেশ। খবর এপি।

কানাডার কুইবেকের মিরাবেলে এয়ারবাসের কারখানায় গতকাল এ চুক্তির ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি উপস্থিত ছিলেন।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে এখন উড়োজাহাজ সংস্থাগুলো নিজেদের খরচ কমাতে আধুনিক ও জ্বালানি সাশ্রয়ী বিকল্পের দিকে ঝুঁকছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এয়ারলাইনসগুলো চাপের মুখে রয়েছে। এ চাপ মোকাবেলা করতেই এয়ারএশিয়া বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

এয়ারএশিয়া এক বিবৃতিতে জানায়, এয়ারবাসের এ২২০ মডেলের উড়োজাহাজগুলো অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী। পাশাপাশি এগুলো থেকে কার্বন নিঃসরণও কম হয়। ফলে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে উচ্চমূল্যের জ্বালানি তেলের বাজারেও মুনাফা ধরে রাখা সম্ভব হবে।

উড়োজাহাজগুলোয় সর্বোচ্চ ১৬০টি আসন থাকবে। এয়ারএশিয়ার দাবি, এগুলো আকারে ছোট হওয়ায় তুলনামূলক কম যাত্রী নিয়েও লাভজনকভাবে চালানো সম্ভব। ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এমন সব ছোট শহর বা রুটে ফ্লাইট চালু করা যাবে, যা আগে বড় উড়োজাহাজ দিয়ে চালানো লাভজনক ছিল না।

এয়ারএশিয়ার সহপ্রতিষ্ঠাতা ও উপদেষ্টা টনি ফার্নান্দেস বলেন, ‘জ্বালানির উচ্চমূল্য ও অস্থির বাজারের এ সময়ে হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই। বরং দক্ষতা দ্বিগুণ করাই এখন একমাত্র সমাধান।’

চুক্তি অনুযায়ী, এয়ারএশিয়া চাইলে উড়োজাহাজের সংখ্যা ৩০০ পর্যন্ত বাড়িয়ে নেয়ার সুযোগ পাবে। সাধারণত বড় অংকের অর্ডার দিলে কোম্পানিগুলো ক্যাটালগ মূল্যের চেয়ে কিছুটা ছাড়ে উড়োজাহাজ কিনতে পারে। ২০২৮ সাল থেকে নতুন উড়োজাহাজগুলোর সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন উড়োজাহাজগুলো মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ছোট রুটে চলাচল করবে। ফলে এয়ারএশিয়ার হাতে থাকা বড় উড়োজাহাজগুলো (এ৩২০ ও এ৩২১) মাঝারি দূরত্বের পথে এবং আরো বড় এ৩৩০ উড়োজাহাজগুলো ইউরোপ, অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকার রুটে ব্যবহার করা সম্ভব হবে।

প্রতিবেদন অনুযায়ী, চুক্তিটির মাধ্যমে এয়ারবাসের এ২২০ মডেলের মোট অর্ডার ১ হাজার ছাড়িয়ে গেল। গত মার্চ পর্যন্ত এয়ারবাস বিশ্বজুড়ে ২৫টি উড়োজাহাজ সংস্থার কাছে ৫০১টি এ২২০ মডেলের উড়োজাহাজ সরবরাহ করেছে।

আরও