শ্রীকাইল-৫ উন্নয়ন কূপ খনন শুরু করল বাপেক্স

শ্রীকাইল-৫ মূল্যায়ন ও উন্নয়ন কূপ খননের কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। রোববার (২৮ সেপ্টেম্বর) কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল এলাকায় এ কূপ খনন কাজের উদ্বোধন করেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দুটি মূল্যায়ন ও উন্নয়ন (সুন্দলপুর–৪ ও শ্রীকাইল-৫) কূপ এবং দুটি অনুসন্ধান (সুন্দলপুর সাউথ–১ ও জয়পুরহাট–১) কূপ খনন প্রকল্প’ এর আওতায় শ্রীকাইল-৫ কূপ খনন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাপেক্সের খনন ও প্রকৌশল বিভাগের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাপেক্স জানায়, ব্লক-৯ এর আওতায় এ কূপটির খনন গভীরতা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৫০ মিটার। এখানে গ্যাসের প্রমাণিত মজুদ (জিআইআইপি) ধরা হয়েছে ৬২ দশমিক ৮৭ বিলিয়ন ঘনফুট এবং সম্ভাব্য উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ৫০ দশমিক ৩০ বিলিয়ন ঘনফুট।

বাপেক্স আরো জানিয়েছে, তাদের নিজস্ব তহবিল ও জনবল দিয়ে এ কূপ খনন করা হচ্ছে।

—বিজ্ঞপ্তি

আরও