মাস্কের ‘ট্রিলিয়ন ডলার বেতন’ নিয়ে পোপের উদ্বেগ

ধনী-গরিবের আয়বৈষম্য ক্রমেই ‘ভয়াবহ আকার’ নিচ্ছে বলে মন্তব্য করেছেন রোমান ক্যাথলিক চার্চের পোপ লিও।

ধনী-গরিবের আয়বৈষম্য ক্রমেই ‘ভয়াবহ আকার’ নিচ্ছে বলে মন্তব্য করেছেন রোমান ক্যাথলিক চার্চের পোপ লিও। এ প্রসঙ্গে ইলোন মাস্ককে উদাহরণ হিসেবে টেনে সতর্ক করে তিনি বলেন, ‘এমন পরিস্থিতি আমাদের জন্য বড় বিপদের সংকেত।’ খবর দ্য গার্ডিয়ান।

লিও চতুর্দশ ইতিহাসের প্রথম মার্কিন, যিনি পোপ হিসেবে মনোনীত হয়েছেন। উদাহরণ টেনে তিনি বলেন, ‘ইলোন মাস্ক শিগগিরই বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হতে পারেন, অথচ বিপুলসংখ্যক মানুষ এখনো দারিদ্র্যের সঙ্গে লড়ছে।’

প্রথমবারের মতো গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সম্প্রতি পোপ লিও শীর্ষ কর্মকর্তাদের বিশাল অংকের বেতন নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, ‘বিশ্ব এতটা বিভক্ত হওয়ার অন্যতম কারণ হলো শ্রমজীবী মানুষের আয় আর ধনীদের বিপুল সম্পদের মধ্যে বেড়ে চলা ক্রমবর্ধমান বৈষম্য।’

পোপ জানান, প্রায় ৬০ বছর আগেও কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্রমিকদের তুলনায় চার-ছয় গুণ বেশি আয় করতেন। কিন্তু এখন সে ব্যবধান দাঁড়িয়েছে ৬০০ গুণে।

তিনি বলেন, ‘গতকাল খবরে দেখলাম, ইলোন মাস্ক নাকি বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হতে যাচ্ছেন। এর মানে আসলে কী? যদি কেবল অর্থই একমাত্র মূল্যবান বিষয় হয়ে দাঁড়ায়, তাহলে আমরা ভয়াবহ সমস্যায় পড়ব।’

চলতি মাসের শুরুতে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলার পরিচালনা পর্ষদ জানায়, নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও সর্বাধিক শেয়ারহোল্ডার ইলোন মাস্ককে ট্রিলিয়ন ডলারের নতুন বেতন প্যাকেজ দেয়া হবে।

টেসলা জানায়, মাস্কের জন্য প্রস্তাবিত প্রণোদনা প্যাকেজটি করপোরেট ইতিহাসে নজিরবিহীন।

এক্স ও স্পেসএক্সের মালিক ইলোন মাস্ককে প্রস্তাবিত প্যাকেজ পেতে হলে আগামী ১০ বছরে টেসলার বাজারমূল্য বর্তমানের ১ ট্রিলিয়ন ডলার থেকে বাড়িয়ে সাড়ে ৮ ট্রিলিয়ন ডলারে নিতে হবে।

গত মে মাসে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর পোপ হিসেবে নির্বাচিত লিও নিজের দায়িত্বের শুরুর অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘এখনো শেখার অনেক কিছু বাকি আছে।’

এদিকে পোপ লিওর ভাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে সন্তুষ্ট নন তিনি। এ বিষয়ে চুপ করে থাকবেন না।

আরও