ইউরোপের দেশগুলোয় সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে প্রাকৃতিক গ্যাসের মূল্য ঊর্ধ্বমুখী। এ কারণে এশিয়ার স্পট মার্কেটে এখনো বছরের সর্বোচ্চে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম। যদিও চলতি সপ্তাহে স্পট মার্কেটে এলএনজির দাম কিছুটা কমেছে। খাতসংশ্লিষ্টদের মতে, এ অঞ্চলে বাড়তি মজুদ থাকায় চাহিদা নিম্নমুখী, যা দাম কমায় ভূমিকা রেখেছে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার।
শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় জানুয়ারিতে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১৫ ডলার, আগের সপ্তাহে যা ছিল ১৫ ডলার ১০ সেন্ট।
কেপলারের এলএনজি ও প্রাকৃতিক গ্যাস বিশ্লেষক গো কাতায়ামা বলেন, ‘উত্তর-পূর্ব এশিয়ার ঠাণ্ডা আবহাওয়া এলএনজির মূল্যে প্রভাব ফেলবে। তবে অতিরিক্ত মজুদ ও এলএনজির দাম বেশি হওয়ায় প্রধান আমদানিকারক দেশগুলো ক্রয় কমিয়ে দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘সামনের দিনগুলোয় এশিয়ার দেশগুলোয় এলএনজির মূল্য স্থিতিশীল থাকতে পারে। তবে প্লোটো ও ফ্রিপোর্ট এলএনজি উৎপাদনকারী কোম্পানিগুলো থেকে সরবরাহ পুনরুদ্ধার, রাশিয়া থেকে চীনে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বৃদ্ধি এবং জাপানে পারমাণবিক বিদ্যুতের উচ্চ সরবরাহের কারণে নিম্নমুখী দামের ঝুঁকিও রয়েছে।’
এদিকে ইউরোপের দেশগুলোয় তাপমাত্রা কমে যাওয়ায় এবং প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বেশি হওয়ায় মজুদ কমেছে। এ কারণে এ অঞ্চলে চলতি সপ্তাহে দাম ছিল ঊর্ধ্বমুখী।
ডাটা ইন্টেলিজেন্স ফার্ম আইসিআইএসের সিনিয়র এলএনজি অ্যানালিস্ট অ্যালেক্স ফ্রোলি বলেন, ‘ইউরোপের দেশগুলোয় প্রাকৃতিক গ্যাসের মজুদ গত দুই বছরের তুলনায় কম। তবে ২০২১ সালের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য বেশি। যদি শীতের বাকি সময় মৃদু আবহাওয়া থাকে তাহলে দাম কিছুটা কমতে পারে। তবে ঠাণ্ডা আবহাওয়া চলমান থাকলে সামনের গ্রীষ্মকালে মজুদ গত বছরের তুলনায় কম থাকতে পারে, যা মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখবে।’
এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস গত বৃহস্পতিবার জানুয়ারির সরবরাহ চুক্তিতে নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) বাজার আদর্শে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম স্থির করেছে প্রায় ১৪ ডলার ২১ সেন্টে। এছাড়া নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাসের ভার্চুয়াল ট্রেডিং পয়েন্ট টিটিএফে প্রতি এমএমবিটিইউ এলএনজিতে ২০ সেন্ট ছাড় দেয়া হয়েছে।
আরগাস প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করেছে ১৪ ডলার ২২ সেন্ট। অন্যদিকে স্পার্ক কমোডিটিজ ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ১৪ ডলার ২০ সেন্ট।
স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান লা শোন জানান, শুক্রবার আটলান্টিক মহাসাগরীয় পথে এলএনজির পরিবহন ব্যয় দ্বিতীয় সপ্তাহের মতো বেড়ে দৈনিক ২২ হাজার ডলারে পৌঁছেছে। অন্যদিকে এ সময় প্রশান্ত মহাসাগরীয় পথে পরিবহন ব্যয় ছিল স্থিতিশীল। এ সময় এ পরিবহন ব্যয়ের পরিমাণ ছিল দৈনিক ২৩ হাজার ৭৫০ ডলার।