ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম কিছুটা বেড়েছে। বিশ্বের শীর্ষ রাবার উৎপাদনকারী দেশ থাইল্যান্ডে প্রতিকূল আবহাওয়ার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় এ মূল্যবৃদ্ধি ঘটেছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।
ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) আগামী জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে রাবারের দাম মঙ্গলবার প্রতি কেজিতে ২ ইয়েন বা দশমিক ৬২ শতাংশ বেড়ে স্থির হয় ৩২৩ ইয়েনে (২ ডলার ১৯ সেন্ট)। অন্যদিকে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে রাবারের দাম দশমিক ২৮ শতাংশ বেড়ে প্রতি টনে পৌঁছায় ১৫ হাজার ৮৮৫ ইউয়ানে (২ হাজার ২২০ ডলার ৭৮ সেন্ট)।
রাবার ব্যবসায়ীরা বলছেন, পণ্যটির বাজারে লেনদেনকারীদের মনোভাব তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে এবং দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করবে বলে ধারণা করা হচ্ছে। তবে থাইল্যান্ডের আবহাওয়া সংস্থা ২৫-২৭ আগস্ট পর্যন্ত ভারি বৃষ্টি এবং আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করেছে, যা সরবরাহে চাপ তৈরি করতে পারে।
উল্লেখ্য, রাবারের বাজারে প্রতিযোগিতা হয় মূলত প্রাকৃতিক ও সিন্থেটিক রাবারের মধ্যে। সিন্থেটিক রাবার অপরিশোধিত জ্বালানি তেল থেকে তৈরি হয়। তাই অপরিশোধিত জ্বালানি তেলের দামের ওঠানামা রাবার বাজারকেও প্রভাবিত করে।