উচ্চ শিক্ষায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিয়ে সিআইইউতে সেমিনার

সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবসারের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফজলুল রাব্বানী।

উচ্চ শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার, শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন এবং গবেষণার সম্ভাবনা নিয়ে চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে (সিআইইউ) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে ‘নেভিগেটিং রেসপনসিবল ইউজেস অব এআই ইন টিচিং অ্যান্ড রিসার্চ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবসারের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফজলুল রাব্বানী। উদ্বোধনী বক্তব্য দেন সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাষক ও সিআইইউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টারের ভারপ্রাপ্ত সমন্বয়ক অনির্বাণ বড়ুয়া। সেমিনার সঞ্চালনা করেন সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ও সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিংয়ের (সিইটিএল) পরিচালক ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

সেমিনারে উচ্চ শিক্ষায় এআইয়ের ক্রমবর্ধমান প্রভাব, শিক্ষাদান ও শিখন পদ্ধতিতে এর প্রয়োগ এবং গবেষণায় নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা উন্নয়ন, পাঠদানকে কার্যকর করা এবং গবেষণার কাজে এআই ব্যবহারের সুযোগ ও সীমাবদ্ধতা নিয়ে অংশগ্রহণকারীরা মতবিনিময় করেন।

আলোচনায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা, তথ্যের নির্ভরযোগ্যতা এবং প্রযুক্তিটির ব্যবহারে সৃষ্ট বিভিন্ন চ্যালেঞ্জও উঠে আসে। শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাশক্তি ও গবেষণার মৌলিকত্ব অক্ষুণ্ন রেখে এআইয়ের নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশ্ববিদ্যালয়টির এ উদ্যোগ উচ্চ শিক্ষায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ, শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণার উৎকর্ষ সাধনে জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও