যেসব বিদেশী বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করতে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পুঁজিবাজারের উন্নয়ন ও সম্প্রসারণে প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে গত সোমবার শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী ও বিএসইসির অন্য কর্মকর্তারা।
বৈঠকে দেশের যেসব বিদেশী বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
এর আগে গত ১১ মে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পুঁজিবাজারের সঠিক অবস্থা পর্যালোচনা এবং উন্নয়নে করণীয় বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়।
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান, অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা পুঁজিবাজারের উন্নয়নে পাঁচটি নির্দেশনা দেন। এর মধ্যে অন্যতম ছিল দেশের যেসব বিদেশী বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকে দ্রুত পুঁজিবাজারে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা। এ নির্দেশনা বাস্তবায়নে বিএসইসি এরই মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে এবং সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম শুরু করেছে।