যুক্তরাষ্ট্রের দ্রুত ঋণবৃদ্ধি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাইওয়ানের কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির গভর্নর ইয়াং চিন-লং বলেছেন, এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতে মার্কিন ট্রেজারি বন্ডের ওপর বিনিয়োগকারীদের আস্থা দুর্বল করতে পারে। খবর রয়টার্স।
ব্যাংকটির গভর্নর ইয়াং বলেন, ‘ট্রাম্প প্রশাসনের নতুন বাজেট পরিকল্পনা “ওয়ান বিউটিফুল বিল অ্যাক্ট’’ যুক্তরাষ্ট্রের ঋণ দ্রুত বাড়াতে পারে। এছাড়া ট্রাম্পের বাণিজ্যনীতি পুনরায় চালু হওয়ায় অনেক বিনিয়োগকারী মার্কিন ট্রেজারি বন্ড রাখার ক্ষেত্রে দ্বিধায় পড়ছেন।
তাইওয়ানের প্রায় ৫৯ হাজার ৩০০ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা রিজার্ভ রয়েছে, যার ৮০ শতাংশেরও বেশি মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে। ব্যাংকটি জানিয়েছে, এখনো ট্রেজারি বন্ড ‘নির্ভরযোগ্য’ ও বিনিয়োগকারীদের কাছে পছন্দনীয় রয়ে গেছে।
ট্রাম্প প্রশাসন ফের শুল্কনীতি জোরদার এবং বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করায় আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে আলোচনার সুযোগ দিতে এসব শুল্ক এপ্রিলে ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।
গভর্নর ইয়াং বলেন, ‘এ শুল্কনীতি কাঠামোগত সমস্যাগুলোর সমাধান দিচ্ছে না। বরং এর কারণে মার্কিন অর্থনীতি ও বৈশ্বিক বাণিজ্যপ্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে।’
মার্কিন কংগ্রেশনাল বাজেট অফিসের তথ্যানুযায়ী, ট্রাম্পের প্রস্তাবিত বাজেট পরিকল্পনা আগামী ১০ বছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ২ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।