বাংলাদেশের পোশাক শিল্পে সার্কুলার অর্থনীতি ও টেকসই উৎপাদন ব্যবস্থাকে আরো গতিশীল করতে নেদারল্যান্ডসে চার দিনব্যাপী সার্কুলার টেক্সটাইল ট্রেড মিশনে অংশ নিচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। ‘টুগেদার ফর এ সার্কুলার ফ্যাশন টুমরো’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ মিশন ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, যা আজ শেষ হবে।
বিজিএমইএর সহযোগিতায় মিশনটি যৌথভাবে আয়োজন করেছে নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সি (আরভিও) ও ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস। এর লক্ষ্য হলো রিসাইক্লিং, টেক্সটাইল বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত উৎপাদন প্রযুক্তি এবং নতুন ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সৃষ্টির পাশাপাশি বৈশ্বিক সার্কুলার টেক্সটাইল অর্থনীতির সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়ানো।
বিজিএমইএর সহসভাপতি ভিদিয়া অমৃত খানের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন পরিচালক শাহ সাঈদ চৌধুরী, জোয়ারদার মোহাম্মদ হোসনে কামার আলম, আসেফ কামাল পাশা ও সাকিফ আহমেদ সালাম। এছাড়া দেশের শীর্ষ পোশাক ও বস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ও রিসাইক্লিং কোম্পানির প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।
চারদিনের এ কর্মসূচিতে বিজিএমইএ প্রতিনিধি দল উচ্চ পর্যায়ের সেমিনারে অংশগ্রহণ এবং ব্রাইটফাইবার ইনসাইড, উইল্যান্ড টেক্সটাইলস, স্যাক্সেল ও ফ্রাঙ্কেনহুইসসহ বিশ্বখ্যাত কোম্পানি পরিদর্শন করেছে। তারা স্যাকশন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের সার্কুলার টেক্সটাইল ল্যাবও ঘুরে দেখেছেন, যেখানে পুনর্ব্যবহৃত সুতা ও কাপড়ের উন্নত প্রোটোটাইপিং প্রযুক্তি সরাসরি পরিদর্শন করা হয়েছে।
এছাড়া বিজিএমই প্রতিনিধি দল ‘সার্কুলার টেক্সটাইল ডেইজ’-এ অংশ নেয়, যেখানে বৈশ্বিক ব্র্যান্ড, প্রযুক্তি সরবরাহকারী, রিসাইক্লার এবং উদ্ভাবকরা সার্কুলারিটি ও টেকসই উৎপাদনের নতুন সমাধান তুলে ধরেন।
এ ট্রেড মিশন বিজিএমইএর ‘সাসটেইনেবিলিটি ভিশন ২০৩০’-এর প্রতিফলন, যেখানে সার্কুলার অর্থনীতি, কার্বন নিঃসরণ হ্রাস ও পরিবেশবান্ধব উৎপাদনকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এশিয়ান অ্যাপারেলস লিমিটেড, সার্কুলার ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সাইক্লো, দেশ গার্মেন্টস লিমিটেড, ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড, ফ্লোরেন্স গ্রুপ, খেতান ট্রেডিং, মাতিন স্পিনিং মিলস পিএলসি, ওশান ট্রেড ইন্টারন্যাশনাল, রিকভার, রিসাইকেল র লিমিটেড, সারাজ ফাইবার টেক লিমিটেড, সেটারা গ্রুপ ও রিভার্স রিসোর্সেস।