১০ লাখ টন চিনি রফতানির অনুমতি দিতে পারে ভারত

ভারত ২০২৪-২৫ বিপণন বর্ষে ১০ লাখ টন চিনি রফতানির অনুমতি দিতে পারে। নাম প্রকাশ না করার শর্তে সরকারি ও শিল্পসংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

ভারত ২০২৪-২৫ বিপণন বর্ষে ১০ লাখ টন চিনি রফতানির অনুমতি দিতে পারে। নাম প্রকাশ না করার শর্তে সরকারি ও শিল্পসংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

সূত্রের দেয়া তথ্যানুযায়ী, রফতানির অনুমতি দিয়ে সরকার শিগগিরই একটি আনুষ্ঠানিক আদেশ জারি করবে।

ভারত সাধারণত ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে চিনি রফতানি করে। ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত পাঁচ বছর ধরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক ছিল দেশটি। এ সময় বার্ষিক গড় রফতানির পরিমাণ ছিল ৬৮ লাখ টন। তবে ভারত ২০২৩-২৪ বিপণন বর্ষে চিনি রফতানির অনুমতি দেয়নি।

ভারতে চিনির দাম এক থেকে দেড় বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো-এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মতে, এ বছর রফতানির অনুমতি দেয়া হলে চিনি মিলগুলো লাভবান হতে পারে। বর্তমানে অভ্যন্তরীণ দাম কমে যাওয়ায় তাদের মুনাফা কম হচ্ছে। খাতসংশ্লিষ্টরা জানান, ভারত থেকে রফতানির অনুমতি বৈশ্বিক চিনির দামেও নিম্নমুখী চাপ তৈরি করতে পারে।

এদিকে চলতি মৌসুমে ভারতে চিনি উৎপাদন কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল ফেডারেশন অব কো-অপারেটিভ সুগার ফ্যাক্টরিস লিমিটেড (এনএফসিএসএফ)।

সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে চিনি উৎপাদন ২ কোটি ৭০ লাখ টন হতে পারে। এটি এর আগের দেয়া ২ কোটি ৮০ লাখ টনের পূর্বাভাসের তুলনায় কম। ভারত ২০২৩-২৪ মৌসুমে মোট ৩ কোটি ১৯ লাখ টন চিনি উৎপাদন করেছিল।

আরও