বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের ডলারের দরপতন ও দেশটির সরকারি বন্ডের ইল্ড কমে যাওয়ায় গতকাল মূল্যবান ধাতুটির দাম বেড়েছে ১ শতাংশের বেশি। খবর রয়টার্স।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৫৬ ডলার ১১ সেন্টে দাঁড়ায়। একই সময়ে মার্কিন ফিউচার মার্কেটে আগামী ডিসেম্বরের চুক্তিতে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৭৭ ডলার ৮০ সেন্টে বিক্রি হয়।
আন্তর্জাতিক মুদ্রাবাজারে এদিন ডলারের সূচক কমেছে দশমিক ৫ শতাংশ। ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদহার কমে তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
স্যাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, বন্ডের প্রকৃত ইল্ড কমে আসা ও স্বর্ণে বিনিয়োগের চাহিদা বজায় থাকায় দাম ঘুরে দাঁড়িয়েছে।
স্বর্ণের পাশাপাশি গতকাল অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। এদিন স্পট মার্কেটে রৌপ্যের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৬ ডলার ৬৬ সেন্টে দাঁড়ায়। প্লাটিনামের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬১১ ডলার ৭৬ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ১২৫ ডলার ৩৭ সেন্টে ওঠে।