অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বাড়াতে সম্প্রতি বিভিন্ন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গত বছরের নভেম্বরে দেশটির উত্তোলন কমেছে। শুক্রবার মাসভিত্তিক ‘পেট্রোলিয়াম সাপ্লাই’ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। খবর রয়টার্স।
ইআইএর দেয়া তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল উত্তোলন নভেম্বরে দৈনিক গড়ে ১ লাখ ২২ হাজার ব্যারেল কমে ১ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ব্যারেলে নেমে এসেছে। এটি অক্টোবরের রেকর্ড দৈনিক গড় ১ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ব্যারেলের তুলনায় কম।
যুক্তরাষ্ট্রের শীর্ষ জ্বালানি তেল উত্তোলনকারী রাজ্যগুলোর মধ্যে অন্যতম টেক্সাস। ইআইএ জানায়, এ অঞ্চলে নভেম্বরে উত্তোলন ১ দশমিক ২ শতাংশ কমে দৈনিক গড়ে ৫৭ লাখ ৬১ হাজার ব্যারেলে নেমেছে, যা অক্টোবরের ৫৮ লাখ ৩১ হাজার ব্যারেলের তুলনায় কম। অন্যদিকে গত বছরের নভেম্বরে নিউ মেক্সিকোয় উত্তোলন ১ দশমিক ৮ শতাংশ কমে দৈনিক গড়ে ২০ লাখ ৬৪ হাজার ব্যারেল হয়েছে। তবে এ সময় নর্থ ডাকোটায় উত্তোলন ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। মোট জ্বালানি তেল উত্তোলন পৌঁছেছে দৈনিক গড়ে ১১ লাখ ৯৭ হাজার ব্যারেলে।
ইআইএর দেয়া তথ্যানুযায়ী, নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাস উত্তোলন প্রায় দশমিক ২ শতাংশ বেড়েছে। এ সময় মোট উত্তোলন দাঁড়িয়েছে দৈনিক ১১ হাজার ৫৮০ কোটি ঘনফুটে। এ সময় টেক্সাসে দশমিক ৪ শতাংশ কমে ৩ হাজার ৬১০ কোটি ঘনফুটে নেমেছে। তবে পেনসিলভানিয়ায় তা দশমিক ৮ শতাংশ বেড়ে দৈনিক দুই হাজার কোটি ঘনফুট হয়েছে।