২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রেকর্ড ৩১৯ কোটি রুপি নিট মুনাফা করেছে ভারতীয় বাজেট ক্যারিয়ার স্পাইসজেট। গত অর্থবছরের একই সময়ে লোকসানে ছিল প্রতিষ্ঠানটি। খবর দ্য হিন্দু।
এ নিয়ে টানা দ্বিতীয় প্রান্তিকে মুনাফার মুখ দেখল এয়ারলাইনস সংস্থাটি, যা কোম্পানির ‘আর্থিক ও পরিচালনাগত পুনরুদ্ধার কৌশলের’ সাফল্যকে তুলে ধরে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্পাইসজেট।
তারা বলছে, কিলোমিটারে যাত্রীপ্রতি আয় বৃদ্ধি, বেশি যাত্রী পরিবহন ও খরচ নিয়ন্ত্রণ কৌশল শক্তিশালী পারফরম্যান্সের পেছনে মূল ভূমিকা রেখেছে।
মার্চে শেষ হওয়া প্রান্তিকে স্পাইসজেটের আয় আগের প্রান্তিকের তুলনায় ১৭ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪২ কোটি রুপি। এছাড়া সুদ, কর, অবচয় ও অবলোপনপূর্ব সমন্বিত আয় (ইবিআইটিডিএ) আগের প্রান্তিকের ২০৯ কোটি থেকে বেড়ে হয়েছে ৫২৭ কোটি রুপি। গত প্রান্তিকে স্পাইসজেটের গত যাত্রী পরিবহন ছিল সক্ষমতার ৮৮ দশমিক ১ শতাংশ, যা শক্তিশালী চাহিদার ইঙ্গিত দেয়।
স্পাইসজেট আরো জানিয়েছে, কোম্পানিটির বিনিয়োগকারীরা গত প্রান্তিকে ২৯৪ কোটিসহ মোট ৫০০ কোটি রুপি মূলধন সরবরাহ করেছে।
৩১ মার্চ শেষ হওয়া পুরো অর্থবছরে স্পাইসজেট ৪৮ কোটি রুপি নিট মুনাফা করেছে, যেখানে আগের অর্থবছরে ৪০৪ কোটি রুপি লোকসান করেছিল। পুরো বছরে আয় হয়েছিল ৬ হাজার ৭৩৬ কোটি রুপি এবং এ সময়ের শেষে নিট সম্পদ দাঁড়িয়েছে ৬৮৩ কোটি রুপি।
স্পাইসজেটের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অজয় সিংয়ের মতে, কার্যক্রম ও আর্থিক ব্যবস্থার মোড় পরিবর্তনের প্রতিফলন স্পাইসজেটের শক্তিশালী আয়। সাত বছর পর পুরো অর্থবছর এবং পরপর দুটি প্রান্তিকে মুনাফা পুরো দলের অক্লান্ত পরিশ্রম, যাত্রী আস্থা ও ব্র্যান্ডের স্থায়িত্বের প্রমাণ।