বাংলাদেশ ব্যাংকের বিবৃতি

সম্মিলিত ইসলামী ব্যাংকে যাচ্ছে ৫ ব্যাংকের গ্রাহকদের আমানত

মার্জারের আওতাভুক্ত বা একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের ব্যাংক হিসাব নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মার্জারের আওতাভুক্ত বা একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের ব্যাংক হিসাব নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে সব হিসাব স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্ত হবে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, প্রক্রিয়াটি সম্পন্ন হলে পাঁচটি ব্যাংকের গ্রাহকদের আমানত স্বয়ংক্রিয়ভাবে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাবে স্থানান্তর হয়ে যাবে। এ প্রক্রিয়া শেষ হওয়ার পর আমানতকারীরা তাদের পুরনো চেক বই ব্যবহার করেই ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, গ্রাহকদের হিসাবের অবশিষ্ট টাকা সুরক্ষিত থাকবে ও আমানতকারীরা তাদের জমার ওপর প্রচলিত হারে মুনাফা পেতে থাকবেন।

আরিফ হোসেন খান বলেন, ‘যেহেতু সম্মিলিত ইসলামী ব্যাংকটি রাষ্ট্রীয় মালিকানাধীন, তাই জনগণের আস্থা বাড়বে ও আমানত তুলে নেয়ার চাপ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা যাচ্ছে।’

বিবৃতিতে আরো বলা হয়, শরিয়াহভিত্তিক রুগ্‌ণ ব্যাংকগুলোকে একীভূত করে একটি ব্যাংকে রূপান্তর করা সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ। ব্যাংক খাতকে স্থিতিশীল করা ও আস্থা ফিরিয়ে আনাই এর লক্ষ্য।

আরও