ভিয়েতনামের অভ্যন্তরীণ বাজারে বৃহস্পতিবার কফির দাম আগের সপ্তাহের তুলনায় আরো কমেছে। দেশটিতে বাণিজ্যিক কার্যক্রম কমে যাওয়া পণ্যটির মূল্যহ্রাসের পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খবর বিজনেস রেকর্ডার।
ভিয়েতনামের সবচেয়ে বড় কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসে কৃষকরা চলতি সপ্তাহে প্রতি কেজি কফি বিন ১ লাখ ১১ হাজার ৫০০ থেকে ১ লাখ ১২ হাজার ডংয়ে (৪ ডলার ২৯ সেন্ট থেকে ৪ ডলার ৩০ সেন্ট) দরে বিক্রি করেছেন। আগের সপ্তাহে যা ছিল কেজিপ্রতি ১ লাখ ১৩ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৪ হাজার ডং।
উল্লেখ্য, ভিয়েতনামের প্রধান কফি উৎপাদনকারী অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে দেশটির এক ব্যবসায়ী জানিয়েছেন, এ মুহূর্তে বৃষ্টিপাত ততটা উদ্বেগজনক নয়। তবে সতর্ক থাকা প্রয়োজন।
তিনি আরো জানান, বাজারে বেচাকেনা খুবই দুর্বল। আরেক ব্যবসায়ী বলেন, ‘কিছু কৃষকের কাছে এখনো কফি বিন আছে। কিন্তু বর্তমান বাজারদরের কারণে তারা বিক্রি করতে চাইছেন না।’
সরকারি তথ্যানুযায়ী, জানুয়ারি-মে পর্যন্ত ভিয়েতনাম ৮ লাখ ১৩ হাজার টন কফি রফতানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ কম। তবে এ সময় রফতানি আয় ৬২ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪৭০ কোটি ডলারে পৌঁছেছে। মে মাসে রফতানির পরিমাণ ছিল ১ লাখ ৪৮ হাজার টন, যা বার্ষিক হিসাবে ৫৯ শতাংশ বেশি।