জমি বিক্রি করবে প্রগ্রেসিভ লাইফ

৬ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২১৩তম সভায় জমিটি বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়।

বীমা খাতের তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ঢাকার আফতাবনগরে থাকা ৮ দশমিক ৫৪ কাঠা জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ৬ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২১৩তম সভায় জমিটি বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, জমিটির মোট মূল্য ১৪ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা, যেখানে প্রতি কাঠার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা। তবে জমি বিক্রির সিদ্ধান্ত কার্যকর করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন নিতে হবে।

২০২০ সালের পর দুই বছরের লভ্যাংশ ঘোষণা না করা এবং এজিএম করতে ব্যর্থ হওয়ায় ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কোম্পানিটিকে ‘‌এ’ থেকে ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন করেছে বিএসইসি। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স সর্বশেষ ২০১৯ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। কিন্তু এ লভ্যাংশও বিনিয়োগকারীদের বিতরণ করা হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানানো হয়নি। এর পর থেকে ডিএসইতে কোম্পানিটির বার্ষিক ও প্রান্তিক আর্থিক ফলাফলের কোনো তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি কোম্পানিটি উচ্চ আদালতের কাছ থেকে ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২০২১, ২০২২ ও ২০২৩ হিসাব বছরের আর্থিক বিবরণী নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগের অনুমোদন পেয়েছে।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ১৬ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ১৬৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৭০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫১ দশমিক ৪৮ শতাংশ শেয়ার রয়েছে।

আরও