ইউরোজোনের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় শক্তিশালী হওয়ায় সুদহার অপরিবর্তিত রেখেছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি)। টানা চতুর্থ বৈঠকে গত বৃহস্পতিবার মূল ডিপোজিট রেট ২ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয় ব্যাংকটি। একই সঙ্গে প্রধান রিফাইন্যান্সিং কার্যক্রমের সুদহার ২ দশমিক ১৫ শতাংশ এবং মার্জিনাল লেন্ডিং সুবিধার সুদহার ২ দশমিক ৪ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। খবর ইউরো নিউজ।
ইসিবি জানিয়েছে, সাম্প্রতিক প্রবৃদ্ধির তথ্য প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় ২০২৫ সালের জন্য ইউরোজোনের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ১ দশমিক ৪ শতাংশ করা হয়েছে। আগে এ পূর্বাভাস ছিল ১ দশমিক ২ শতাংশ। ২০২৬ সালে ইউরোজোনে ১ দশমিক ২ শতাংশ এবং ২০২৭ ও ২০২৮ সালে ১ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ব্যাংকটি।
মার্কিন শুল্ক আরোপের প্রভাব আশঙ্কার তুলনায় কম হওয়ায় ইউরোপের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আরো আশাবাদী হয়েছে ইসিবি। তবে রফতানি এখনো কিছুটা চাপে রয়েছে। এর মধ্যেই তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইউরোজোনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সংশোধন করে দশমিক ৩ শতাংশে উন্নীত করা হয়েছে।