আকিজের কাছে ডমিনোজের মালিকানা স্থানান্তরে বিএসইসির অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ডমিনোজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের মালিকানা স্থানান্তরের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আকিজ রিসোর্সেস লিমিটেড, শেখ জসিম উদ্দিন ও ফারিয়া হোসেনের অনুকূলে তালিকাভুক্ত কোম্পানিটির মালিকানা স্থানান্তরিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ডমিনোজ স্টিলের বর্তমান উদ্যোক্তা পরিচালকদের কাছে থাকা কোম্পানিটির ৩০ শতাংশ বা ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার শেয়ার ট্রেডিং সিস্টেমের বাইরে স্থানান্তর করা হবে। গত ২৭ আগষ্ট এক চিঠির মাধ্যমে এ শেয়ার স্থানান্তরের বিষয়টি অনুমোদন করেছে বিএসইসি। এর আগে এ বছরের ২৫ এপ্রিল অনুষ্ঠিত সভায় আকিজ রিসোর্সেস লিমিটেড, শেখ জসিম উদ্দিন ও ফারিয়া হোসেনের অনুকূলে শেয়ার স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিল ডমিনোজ স্টিলের পর্ষদ।

ডমিনোজ স্টিলের কারখানা কার্যক্রমের অবস্থা যাচাই করতে গত বছরের ৩ ও ৪ নভেম্বর ডিএসইর একটি পরিদর্শক দল কোম্পানিটির সাভারের আশুলিয়ায় ও নরসিংদীর পলাশে অবস্থিত কারখানা পরিদর্শন করে। পরিদর্শনে আশুলিয়া ইউনিটটি সচল থাকলেও পলাশ ইউনিটের কার্যক্রম বন্ধ পেয়েছেন ডিএসইর কর্মকর্তারা। উৎপাদন কার্যক্রম আংশিক বন্ধ থাকা সত্ত্বেও এক বছর ধরে পুঁজিবাজারে ডমিনোজ স্টিলের শেয়ার দর ও লেনদেন অস্বাভাবিক হারে বেড়েছে। তবে শেয়ার দর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইর চিঠির জবাবে সম্প্রতি জানিয়েছে কোম্পানিটি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত বছরের জুলাই থেকেই ডিএসইতে ডমিনোজ স্টিলের শেয়ার দর ঊর্ধ্বমুখী। গত বছরের ১৫ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ১০ টাকা ৬০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ৬৩ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে প্রায় ছয় গুণ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ডমিনোজ স্টিলের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১১ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৭ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে অন্য বিনিয়োগকারীদের জন্য দশমিক ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ডমিনোজ স্টিলের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ পয়সা।

২০২০ সালের ২ ডিসেম্বর দেশের পুঁজিবাজারে ডমিনোজ স্টিলের লেনদেন শুরু হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১০২ কোটি ৬০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৭৩ কোটি ১৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ২৬ লাখ। এর ৩০ দশমিক ২০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৬০, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৪ দশমিক ১৮ শতাংশ শেয়ার রয়েছে।

আরও