রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে ৯২ কোটি ২১ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২৭ কোটি ৭৮ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমেছে প্রায় ২৮ শতাংশ। কোম্পানিটির অনিরীক্ষিত প্রান্তিক আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে সাবমেরিন কেবলসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৭৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৭ টাকা ৮৫ পয়সায়। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই প্রান্তিকে ছিল ৩ টাকা ৫৮ পয়সা।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির আয় হয়েছে ৩৯৯ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫১৫ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় কমেছে ১১৬ কোটি টাকা বা ২২ দশমিক ৫২ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৮২ কোটি টাকা, আগের হিসাব বছরে ছিল ২৭৯ কোটি টাকা।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিএসসিপিএলসির ইপিএস হয়েছে ১১ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৬ টাকা ৯২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৩ টাকা ৬ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৫১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসিপিএলসি। সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। ২০২০-২১ হিসাব বছরে ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
২০১৯-২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৮-১৯ হিসাব বছরে ১৬ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন বিএসসিপিএলসির শেয়ারহোল্ডাররা। ২০১৭-১৮ হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। আগের হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
বিএসসিপিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসসিপিএলসির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৮৭ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৭০ লাখ ৩৮ হাজার ৮৪৩। এর মধ্যে সরকারের কাছে রয়েছে ৭৬ দশমিক ৯৪ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৮৪, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক শূন্য ৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে।
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জেএ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২১ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ার ৯৮ টাকা ৫০ থেকে ২১৮ টাকায় ওঠানামা করেছে।