প্রকৌশল খাতে তালিতাভুক্ত বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৫ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৬০০ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টা ৩০ মিনিটে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫২ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৬ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫২ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস হয়েছিল ২ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৭ টাকা ৮৪ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিডি থাই অ্যালুমিনিয়ামের ইপিএস হয়েছে ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৫ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৮ টাকা ৩৩ পয়সায়।
বিডি থাই অ্যালুমিনিয়ামের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।
১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি থাই অ্যালুমিনিয়ামের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২৭ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২০৭ কোটি ১৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ২৫০। এর ২৯ দশমিক ১৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৬১, বিদেশী বিনিয়োগকারী দশমিক ৭৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬৩ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে।