কর্মীদের মধ্যে সাইবার নিরাপত্তাবিষয়ক সচেতনতা বাড়াতে বিশেষ সেমিনারের আয়োজন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে সম্প্রতি ব্যাংকটির গুলশানের প্রধান কার্যালয়ে ‘সাইবার নিরাপত্তা ঝুঁকি হ্রাসে কর্মীদের সচেতনতার ভূমিকা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইউসিবির ইনফরমেশন সিকিউরিটি ডিভিশন আয়োজিত সেমিনারে ডিজিটাল সম্পদ ও গ্রাহকের তথ্য সুরক্ষায় কর্মীদের দায়িত্ব এবং সতর্কতার গুরুত্ব তুলে ধরা হয়।
সেমিনারের উদ্বোধন করেন ইউসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ। তিনি বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা জরুরি। নতুন নতুন সাইবার হুমকি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (আইসিটি) এসএম তোফায়েল আহমদ উপস্থিত ছিলেন। ইউসিবির পক্ষে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার নাবিল মুস্তাফিজুর রহমান, চিফ ফাইন্যান্স অফিসার ফারুক আহাম্মদ, চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক এবং এসইভিপি সাইফুল ইসলাম। এছাড়া ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান, সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। সেমিনারে ইউসিবির চিফ টেকনোলজি অফিসার মাশুকুর রহমান ইউসিবির ডিজিটাল রূপান্তর এবং উপায়-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্যামল বি. দাশ প্রযুক্তি ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তোফায়েল আহমদ ‘ব্যাংকগুলোতে সাইবার নিরাপত্তা সচেতনতা’ শীর্ষক বিশেষ সেশনে সাইবার নিরাপত্তার মৌলিক নিয়ম মেনে চলা, কর্মীদের সতর্কতা এবং নিয়ন্ত্রক নীতিমালা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেন।
সেমিনারে বক্তারা বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা শুধু প্রযুক্তি বিভাগের দায়িত্ব নয়; প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর সচেতনতা ও দায়িত্বশীল আচরণও সমান গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম ও আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সাইবার ঝুঁকি কমানো সম্ভব। নিরাপদ ডিজিটাল ব্যাংকিং পরিবেশ গড়ে তুলতে কর্মীদের মধ্যে সাইবার সচেতনতা আরো জোরদার করার ওপর গুরুত্ব দেন তারা।