বস্ত্র খাতে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের কারখানা স্থানান্তর ও সম্প্রসারণের সিদ্ধান্ত দিয়েছে। ২১ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, আলিফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. আযিমুল ইসলামকে কারখানা স্থানান্তর ও সম্প্রসারণের দায়িত্ব দেয়া হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, আন্তর্জাতিক ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও কমপ্লায়েন্স জোরদার করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানিটি আশা করছে, এতে কার্যক্ষমতা বাড়াবে এবং ক্রেতাদের চাহিদার সঙ্গে উৎপাদন আরো সামঞ্জস্যপূর্ণ হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭০ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৫ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের উদ্যোক্তা পরিচালক ব্যতীত সব বিনিয়োগকারীকে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে আলিফ ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ২ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮০ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৫৬ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে আলিফ ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ১ টাকা ৮০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ২০ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৬৬ পয়সায়।
২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা।