ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি বেড়েছে তিন গুণ

বাজারে বাড়তি চাহিদা থাকায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি বেড়েছে।

বাজারে বাড়তি চাহিদা থাকায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি বেড়েছে। গত অর্থবছরের প্রথম পাঁচ মাসের তুলনায় চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) পণ্যটির আমদানি বেড়েছে প্রায় তিন গুণ। গতকাল ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে এ তথ্য জানা গেছে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা জানায়, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে মসুর ডাল আমদানি হয়েছে ৬২২ টন। যার আমদানি মূল্য ছিল ১০ কোটি ১১ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে একই সময় স্থলবন্দর দিয়ে ৩ কোটি ১৮ লাখ টাকা মূল্যের ২১০ টন মসুর ডাল আমদানি হয়েছিল। এ হিসাবে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি বেড়েছে ৪১২ টন।

এদিকে আমদানি বাড়লেও সাতক্ষীরায় খুচরা বাজারে কমেনি মসুর ডালের দাম। ব্যবসায়ীরা জানান, এক-দেড় মাসের ব্যবধানে এ অঞ্চলে মসুরসহ অন্যান্য ডালের দাম স্থিতিশীল রয়েছে।

গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মেসার্স সরদার স্টোরে চিকন মসুর ডাল ১৪০ টাকা ও মোটা জাতের ১০৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক-দেড় মাস আগেও এ প্রতিষ্ঠানে মসুর ডাল একই দামে বিক্রি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সরদার আব্দুল আলিম।

তিনি বলেন, ‘বন্দর দিয়ে মসুর ডালের আমদানি বেড়েছে। কিন্তু বাজারে চাহিদা বেশি থাকায় দাম কমছে না।’

সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, সাতক্ষীরায় সব ধরনের ডালের দাম স্থিতিশীল রয়েছে। তবে বাজারে শীতকালীন শাকসবজির সরবরাহের পাশাপাশি মাছের দাম কমে এলে ডালের দামও কমে আসতে পারে।

আরও