শুরুর উত্থান ধরে রাখতে পারেনি সূচক

পুঁজিবাজারে আরো দরপতন

দেশের পুঁজিবাজারে গতকালও সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এদিন লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখিতা থাকলেও শেষ পর্যন্ত এ উত্থান ধরে রাখতে পারেনি সূচক।

দেশের পুঁজিবাজারে গতকালও সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এদিন লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখিতা থাকলেও শেষ পর্যন্ত এ উত্থান ধরে রাখতে পারেনি সূচক। গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট হারিয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। প্রথম দেড় ঘণ্টায় সূচকে ২৭ পয়েন্ট যোগ হয়। তবে মার্কিন শুল্কের প্রভাবে বিনিয়োগকারীদের অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় দিনশেষে শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক।

দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১ দশমিক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরিয়াহ সূচক গতকাল ১ দশমিক ৮ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মা, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা ও ইউসিবি ব্যাংকের শেয়ার।

ডিএসইতে গতকাল ৪৬৯ কোটি ৯০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল ৪১৫ কোটি ৫০ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৮৭টির আর অপরিবর্তিত ছিল ৬০টির বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৪ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ৮ দশমিক ২ শতাংশ দখলে নিয়েছে বিবিধ খাত। ৮ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। প্রকৌশল খাত ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল। পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৯ শতাংশ।

গতকাল ডিএসইতে খাতভিত্তিক রিটার্নের ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি খাতে ১ দশমিক ৯ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান খাতে দশমিক ৭ শতাংশ এবং সেবা ও আবাসন খাতে দশমিক ৭ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে এদিন কাগজ ও মুদ্রণ খাতে ২ দশমিক ১ শতাংশ, বস্ত্র খাতে ১ দশমিক ২ শতাংশ ও মিউচুয়াল ফান্ড খাতে ১ দশমিক ১ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩ দশমিক ১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল দশমিক ৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত ছিল ২৬টির বাজারদর। গতকাল সিএসইতে ১০ কোটি ১০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল ১০ কোটি ৬০ লাখ টাকা।

আরও