আগস্টে চীনের কয়লা আমদানি আট মাসের সর্বোচ্চে

চীনের কয়লা আমদানি আগস্টে আট মাসে সর্বোচ্চে পৌঁছেছে।

চীনের কয়লা আমদানি আগস্টে আট মাসে সর্বোচ্চে পৌঁছেছে। গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস। খবর বিজনেস রেকর্ডার।

তথ্য অনুযায়ী আগস্টে চীন ৪ কোটি ২৭ লাখ ৪০ হাজার টন কয়লা আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭ শতাংশ কম।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, উত্তোলন কমে যাওয়া ও মজুদ কমার কারণে অভ্যন্তরীণভাবে চীনে কয়লার দাম বেড়ে গিয়েছিল। ফলে দেশটির ব্যবসায়ীদের জন্য বিদেশ থেকে কয়লা আনা লাভজনক হয়ে ওঠে।

এলএসইজির লিড কোল মার্কেট এনালিস্ট টবি হাসাল বলেন, ‘অভ্যন্তরীণভাবে দাম বেড়ে যাওয়ায় চীনে কয়লা আমদানি বেড়েছে। জুলাইয়ে উত্তোলন হ্রাস এবং বোহাই রিম বন্দর এলাকায় মজুদ কমে যাওয়ার পর আমদানি আবার বাড়তে শুরু করে।’

এর আগে চীনে অভ্যন্তরীণভাবে পর্যাপ্ত উত্তোলন হওয়ায় আমদানি চাহিদা কমে গিয়েছিল। তবে জুলাই থেকে সরকার বাজারের মূল্যকে সহায়তা দিতে গিয়ে উৎপাদন সীমিত করে। এ কারণে ওই সময় অভ্যন্তরীণ কয়লা উত্তোলন এক বছরের মধ্যে সর্বনিম্নে নেমে আসে। সরবরাহ সংকোচনের কারণে জুলাই-আগস্টে দাম বেড়ে আগস্ট শেষে ছয় মাসের সর্বোচ্চে পৌঁছায়।

তবে গত বছরের একই সময়ের তুলনায় চীনের কয়লা আমদানি কমেছে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য অনুযায়ী, জানুয়ারি-আগস্ট পর্যন্ত মোট আমদানি দাঁড়িয়েছে ২৯ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টনে, যা গত বছরের তুলনায় ১২ শতাংশ কম।

আরও