আয়ারল্যান্ডকে ১৭০০ কোটি ডলার কর পরিশোধ করেছে অ্যাপল

বকেয়া কর পরিশোধসংক্রান্ত আদালতের এক রায়ের পর গত বছর আয়ারল্যান্ডকে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলার কর দিয়েছে অ্যাপল। কোম্পানির সম্প্রতি প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

গত বছর বিশ্বজুড়ে টেক জায়ান্টটি মোট ৪ হাজার ৩০০ কোটি ডলার করপোরেট কর পরিশোধ করেছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশই দেয়া হয়েছে আয়ারল্যান্ডকে। খবর এফটি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ আদালত ২০২৪ সালে অ্যাপলকে নির্দেশ দেন, কোম্পানিটি যেন আয়ারল্যান্ডকে ১ হাজার ৩০০ কোটি ইউরো বকেয়া কর বুঝিয়ে দেয়। আদালতের রায়ে বলা হয়, আয়ারল্যান্ড নিয়ম ভেঙে অবৈধভাবে অ্যাপলকে কম কর দেয়ার সুবিধা দিয়েছিল। এর সুযোগ নিয়ে অ্যাপল সেখানে ১ শতাংশেরও কম কর দেয়ার সুযোগ পায়।

আয়ারল্যান্ডের বিদ্যমান করপোরেট করের হার ১২ দশমিক ৫ শতাংশ। কম কর হারের সুবিধা নিয়ে দেশটি বছরের পর বছর ধরে প্রচুর রাজস্ব আয় করেছে। ২০২৪ সালে আয়ারল্যান্ডে আদায়কৃত মোট করপোরেট করের প্রায় অর্ধেকই এসেছে মাত্র তিনটি বহুজাতিক প্রতিষ্ঠান থেকে। ধারণা করা হয়, তিন কোম্পানি হলো অ্যাপল, মাইক্রোসফট ও ইলাই লিলি।

ইইউতে বহুজাতিক কোম্পানিগুলোর রাজস্ব, মুনাফা ও করের বিস্তারিত হিসাব বাধ্যতামূলক করার নতুন নিয়ম চালু হয়েছে। ফলে ইউরোপীয় ইউনিয়ন ও তথাকথিত ‘ট্যাক্স হেভেন’ অঞ্চলগুলোয় কোম্পানিগুলো কত কর দিচ্ছে তা সামনে আসছে।

নতুন তথ্যে দেখা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপলের বৈশ্বিক মোট মুনাফার এক-চতুর্থাংশই অর্জিত হয়েছে আয়ারল্যান্ডের নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো থেকে। অথচ সেখানে অ্যাপলের বৈশ্বিক জনবলের মাত্র ৩ শতাংশ (৫ হাজার ৫৭৫ জন) কাজ করেন।

আয়ারল্যান্ডে অ্যাপল প্রতি কর্মচারীর বিপরীতে গড়ে ৬০ লাখ ডলার কর-পূর্ব মুনাফা দেখিয়েছে। কিন্তু জার্মানিতে প্রতি কর্মীর বিপরীতে মুনাফা দেখানো হয়েছে ৫১ হাজার ডলার। সেখানে ৪ হাজার ৮৯ জন কর্মী থাকা সত্ত্বেও কোম্পানিটি নগদ কর দিয়েছে ১৫ কোটি ৩০ লাখ ডলার।

আরও