ডিজিটাল লেনদেনের বিপরীতে গাছ লাগাবে বিকাশ

এ উদ্যোগের আওতায় গ্রাহকের দৈনন্দিন নির্ধারিত ডিজিটাল লেনদেনের ভিত্তিতে ভার্চুয়াল গাছ তৈরি হবে।

ডিজিটাল লেনদেনের বিপরীতে গ্রাহকদের পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে যুক্ত করতে ‘বিকাশ বন’ নামে নতুন গ্রিন ফিচার চালু করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এ উদ্যোগের আওতায় গ্রাহকের দৈনন্দিন নির্ধারিত ডিজিটাল লেনদেনের ভিত্তিতে ভার্চুয়াল গাছ তৈরি হবে। একটি ভার্চুয়াল গাছ পূর্ণাঙ্গ হলে তার বিপরীতে বাস্তবে একটি করে গাছ রোপণ করবে বিকাশ। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। 

সম্প্রতি চট্টগ্রাম সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও একটি ফলক উন্মোচন করেন। এ সময় বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশন এলাকায় মোট ২৫ হাজার গাছ রোপণ করা হবে। রোপণ করা গাছের পরিচর্যা ও বেড়ে ওঠার বিষয়টি দেখভাল করবে জলবায়ু ও পরিবেশবিষয়ক সংগঠন মিশন গ্রিন বাংলাদেশ।

বিকাশ জানায়, মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাপের মাধ্যমে করা ডিজিটাল লেনদেনের সঙ্গে গ্রাহকদের সরাসরি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও কার্বন নিঃসরণ কমানোর কাজে যুক্ত করার উদ্যোগ হিসেবে ‘বিকাশ বন’ চালু করা হয়েছে। নির্ধারিত লেনদেনের বিপরীতে গ্রাহকরা ‘গ্রিন পয়েন্ট’ পাবেন।

বিকাশ অ্যাপ থেকে করা প্রতিটি ইউটিলিটি বিল পরিশোধ, ডিপিএস খোলা, অ্যাড মানি, ঋণ নেয়া, মোবাইল রিচার্জ ও সেন্ড মানির মতো নির্ধারিত ডিজিটাল লেনদেনের বিপরীতে এ গ্রিন পয়েন্ট দেয়া হবে। পয়েন্ট জমার সঙ্গে সঙ্গে গ্রাহকের বিকাশ অ্যাপের ‘বিকাশ বনে’ থাকা ভার্চুয়াল চারা ধীরে ধীরে বৃক্ষে পরিণত হবে। নির্ধারিত পয়েন্ট অর্জনের পর ভার্চুয়াল গাছটির বিপরীতে বাস্তবে একটি গাছ রোপণ করবে বিকাশ। পরবর্তী সময়ে অ্যাপ থেকেই রোপণ করা গাছটির হালনাগাদ তথ্য দেখতে পারবেন গ্রাহকরা।

আরও