এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলা ও ইউরোপীয় বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে টেকসই পোশাক উৎপাদনে বাংলাদেশ-নেদারল্যান্ডস সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন দেশটির আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী স্টিভেন কোলেট। গতকাল সাভারে টিম গ্রুপের পোশাক কারখানা ফোরএ ইয়ার্ন ডায়িং লিমিটেড পরিদর্শনকালে তিনি এ তাগিদ দেন। শিল্পগোষ্ঠীটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কারখানা পরিদর্শনকালে প্রতিনিধি দলটি উৎপাদন কার্যক্রমের পাশাপাশি ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ কেন্দ্র, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, শ্রমিকদের ন্যায্যমূল্যের দোকান ও শিশু দিবাযত্ন কেন্দ্র ঘুরে দেখে। এ সময় স্টিভেন কোলেট বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পের ভবিষ্যৎ নির্ভর করছে প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখার পাশাপাশি দায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করার ওপর।’
টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা শাহীন বলেন, ‘বাংলাদেশের পোশাক শিল্পকে নিরাপদ, শ্রমিকবান্ধব ও পরিবেশসম্মত করে গড়ে তোলার ক্ষেত্রে নেদারল্যান্ডস দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অংশীদার। বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তিত নিয়মকানুন ও জ্বালানি সংকট টেকসই উৎপাদনে বিনিয়োগের গুরুত্ব বাড়িয়েছে।’
প্রতিনিধি দলে আরো ছিলেন নেদারল্যান্ডসের টেকসই উন্নয়নবিষয়ক রাষ্ট্রদূত ওয়াম্পি লিবন, দেশটির রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল, সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হুসেইন, সলিডারিডাড নেটওয়ার্ক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার বাবলুর রহমান এবং অ্যাওয়ার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মুইদ হাসান।