ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর রিড এশলিম্যান বলেছেন, ‘গত ৫০ বছরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক সহায়তানির্ভরতা থেকে বেরিয়ে এসেছে। দুই দেশের সম্পর্ক এখন অংশীদারত্বের।’ গতকাল ঢাকার একটি হোটেলে আয়োজিত আমেরিকান চেম্বার অব কমার্স বাংলাদেশের (অ্যামচেম) এ বছরের প্রথম মাসিক সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ট্রান্সফর্মিং বাংলাদেশ: ইউএসএআইডি পার্টনার্স ইন প্রগ্রেস শীর্ষক সভায় আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের ফরেন কমার্শিয়াল সার্ভিসের কমার্শিয়াল কাউন্সিলর জন ফে। সভায় সভাপতিত্ব করেন অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ এবং সহসভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল।
সভায় রিড এশলিম্যান বলেন, ‘অগ্রসর অর্থনীতির লক্ষ্য অর্জন সম্ভব হবে বেসরকারি খাতের প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বেসরকারি খাতের অর্থায়ন এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে। তাই আমরা অবশ্যই উন্নয়নের দৃষ্টিকোণ থেকে আমাদের প্রকল্প, কার্যক্রম, উন্নয়নের উদ্দেশ্যগুলোকে দেখার এবং সবার সঙ্গে কথোপকথনে জড়িত হয়ে সেই ক্ষেত্রগুলো খুঁজে বের করার গুরুত্ব উপলব্ধি করি। এতে করে আমাদের উন্নয়ন লক্ষ্যগুলো আপনাদের বিনিয়োগের উদ্দেশ্য ও বাণিজ্যিক উদ্দেশ্যগুলোর সঙ্গে সংগতিপূর্ণ হবে।’
অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, ‘একটি দীর্ঘস্থায়ী অংশীদার হিসেবে ইউএসএআইডি ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য আমাদের যাত্রায় সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা বাংলাদেশে বাণিজ্য এবং ব্যবসা-সক্ষম অবস্থার উন্নতির জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে।’