ফেডের সুদহার হ্রাসের প্রত্যাশায় ঊর্ধ্বমুখী বৈশ্বিক শেয়ারবাজারের অধিকাংশ সূচক

চলতি মাসেই ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমাবে বলে একপ্রকার নিশ্চিত বৈশ্বিক বিনিয়োগকারীরা।

চলতি মাসেই ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমাবে বলে একপ্রকার নিশ্চিত বৈশ্বিক বিনিয়োগকারীরা। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে সুদহার হ্রাসের সিদ্ধান্ত মূলধনপ্রবাহ বাড়িয়ে অর্থনৈতিক কার্যক্রমকে আরো জোরালো করে তুলবে বলে প্রত্যাশা করছেন তারা। বিনিয়োগকারীদের মধ্যে ক্রমবর্ধমান এ আশাবাদের প্রেক্ষাপটে বৈশ্বিক শেয়ারবাজারের অধিকাংশ সূচকই গতকাল ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে ইউরোপের বিভিন্ন খাতের কয়েকটি জায়ান্ট কোম্পানির ব্যবসায়িকভাবে ভালো পারফরম্যান্সও সেখানকার বাজার সূচকগুলোর ঊর্ধ্বমুখী হয়ে ওঠার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। খবর এপি ও রয়টার্স।

এশিয়া-প্যাসিফিকের বৃহৎ সূচকগুলোর মধ্যে এ প্রতিবেদন লেখার সময় গতকাল বিকাল পর্যন্ত (বাংলাদেশ সময় অনুযায়ী) বৈশ্বিক শেয়ারবাজার সূচক এমএসসিআই অল কান্ট্রি ইনডেক্স বেড়েছে দশমিক ২৯ শতাংশ। এ সময় এশিয়ার প্রধান শেয়ারসূচকগুলোর মধ্যে জাপানের নিক্কেই ২২৫ সূচক দশমিক ৯ শতাংশ বেড়ে ৪৩ হাজার ৮৩৭ দশমিক ৬৭ পয়েন্টে পৌঁছেছে। অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স সূচক দশমিক ৩ শতাংশ বেড়ে পৌঁছেছে ৮ হাজার ৮৩০ দশমিক ৪ পয়েন্টে। ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩ হাজার ৩১৪ দশমিক ৫৩ পয়েন্টে পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক। ভারতে দশমিক ২৬ শতাংশ বেড়েছে বিএসই সেনসেক্স সূচক।

একই সময় হংকংয়ের হ্যাং সেং সূচক ১ শতাংশ বেড়ে ২৬ হাজার ২০০ পয়েন্ট ছাড়িয়ে যায়। তবে চীনের মূল ভূখণ্ডে শেয়ারবাজারের উত্থানকে চাপে রেখেছে সেখানকার বাণিজ্য পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা। সাংহাই কম্পোজিট সূচক গতকাল দশমিক ১ শতাংশ বেড়ে পৌঁছেছে ৩ হাজার ৮১২ দশমিক ২২ পয়েন্টে। মূলত ট্রাম্পের শুল্কনীতিজনিত অনিশ্চয়তাই দেশটির বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে আস্থাকে চাপে রেখেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

বর্তমান শুল্ক ইস্যুতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা চলমান থাকলেও এ নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। মে মাসে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রে চীন থেকে পণ্য আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপিত রয়েছে। অন্যদিকে চীনে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ওপর শুল্ক আরোপিত রয়েছে ১০ শতাংশ।

বাজারে বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) বৈঠকের অপেক্ষায় আছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, ফেডের ওই বৈঠক থেকে সুদহার হ্রাসের ঘোষণা আসার বিষয়টি একপ্রকার নিশ্চিত। তাদের এ ধারণাকে আরো জোরালো করেছে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানসংক্রান্ত সরকারি পরিসংখ্যানের দুর্বলতা। এতে বলা হয়, চলতি বছরের মার্চ পর্যন্ত এক বছরে যুক্তরাষ্ট্রে শ্রমবাজার পরিস্থিতি আগে প্রকাশিত পরিসংখ্যানগুলোর চেয়েও বেশ দুর্বল অবস্থানে ছিল। মার্কিন শ্রমবাজারে শ্লথতার ইঙ্গিতবাহী এ বক্তব্য দেশটিতে সুদহার হ্রাসের মাধ্যমে ব্যবসায়িক মূলধনপ্রবাহ বৃদ্ধির সম্ভাবনা ও দাবিকে আরো জোরালো করে তুলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এক সপ্তাহ আগেও এক বাজার জরিপের ভিত্তিতে এফওএমসির আগামী বুধবার অনুষ্ঠেয় বৈঠকে সুদহার অপরিবর্তিত রাখার সম্ভাবনা ৭ শতাংশ বলে জানিয়েছিল রয়টার্স। তবে মার্কিন শ্রমবাজারের শ্লথতা এবং আগস্টে দেশটির বেতন-ভাতার পরিসংখ্যানের দুর্বলতা ফেডের হাতে অবিলম্বে সুদহার হ্রাস ছাড়া আর কোনো উপায় রাখেনি বলে বার্তা সংস্থাটির গতকালের এক প্রতিবেদনে উঠে এসেছে।

ফেডের সুদহার হ্রাসের প্রত্যাশা এবং স্থানীয় কয়েকটি জায়ান্ট প্রতিষ্ঠানের ব্যবসায়িক পারফরম্যান্সের তথ্য গতকাল ইউরোপের বাজারেও অধিকাংশ সূচককে ঊর্ধ্বমুখী করে তোলে। গতকাল প্যান-ইউরোপিয়ান স্টক্স-৬০০ সূচক দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫ দশমিক ৫৫ পয়েন্টে। সূত্রটির ঊর্ধ্বমুখিতায় গতকাল বড় প্রভাবকের ভূমিকা রেখেছে ওষুধ খাতের কয়েকটি জায়ান্ট প্রতিষ্ঠান নভো নরডিস্কের ও স্প্যানিশ ফাস্ট ফ্যাশন জায়ান্ট ইন্ডিটেক্সের শেয়ারদর।

জারা ব্র্যান্ডের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ইন্ডিটেক্স জানিয়েছে, দীর্ঘ সময় চাহিদা সংকটে ভোগার পর সেপ্টেম্বরের শুরু থেকে কোম্পানিটির পণ্যের চাহিদা ও বিক্রি দুটোই বেড়েছে। গতকাল কোম্পানির এ তথ্য প্রকাশের পর ইন্ডিটেক্সের শেয়ারদর এক ধাক্কায় ৭ শতাংশ বেড়ে যায়। একই সঙ্গে স্টক্স-৬০০-তে রিটেইলার খাতের কোম্পানিগুলোর গড় শেয়ারমূল্য বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ।

ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের ঘোষণা দেয়া ওষুধ খাতের ড্যানিশ জায়ান্ট নভো নরডিস্কের শেয়ারদর গতকাল প্রায় ২ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। এর মধ্য দিয়ে প্যান-ইউরোপীয় সূচকে স্বাস্থ্যসেবা খাতসংশ্লিষ্ট কোম্পানিগুলোর গড় শেয়ারদর বৃদ্ধির হার দাঁড়িয়েছে দশমিক ৫ শতাংশে।

তবে স্টক্স-৬০০ সূচকের অন্তর্ভুক্ত স্বাস্থ্যসেবা খাতের কোম্পানিগুলোর গড় শেয়ারমূল্য চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত কমেছে প্রায় ৩ শতাংশ। স্টেট স্ট্রিট মার্কেটসের হেড অব ইকুইটি রিসার্চ মারিয়া ভেইতমান এ বিষয়ে বলেন, ‘খাতটি বর্তমানে মৌলিক কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। নভো নরডিস্ক এখন মার্জিন কমে যাওয়ার বিষয়টি মোকাবেলার মাধ্যমে সমস্যাটি সমাধান করতে চাচ্ছে। পাশাপাশি শুল্ক ও মুদ্রা বিনিময় হারের মতো বিষয়গুলো তো রয়েছেই।’

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সাবেক প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লাকর্নুকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন মঙ্গলবার। এর ধারাবাহিকতায় দেশটির পুঁজিবাজার তুলনামূলক শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে গতকাল। দশমিক ৮ শতাংশ বেড়ে ফ্রান্সের সিএসি ৪০ সূচক গতকাল দুই সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে।

ইউরোপের শীর্ষ অর্থনীতি জার্মানির ডিএএক্স সূচক গতকাল বেড়েছে দশমিক ১৩ শতাংশ। দশমিক ৩৪ শতাংশ বেড়েছে এফটিএসই ১০০ সূচক। স্পেনে আইবেক্স ৩৫ কম্পোজিট ও মাদ্রিদ এসই ইনডেক্স বেড়েছে যথাক্রমে ১ দশমিক শূন্য ১ ও দশমিক ৮৬ শতাংশ।

এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মার্কিন শেয়ারবাজারে কোনো লেনদেন শুরু হয়নি। তবে এখানকার ফিউচার্স সূচকগুলোর মধ্যে এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক ১০০ সূচকে ঊর্ধ্বমুখিতার হার ছিল যথাক্রমে দশমিক ২৬ ও দশমিক ২১ শতাংশ।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মধ্যে বাহরাইন অল শেয়ার ইনডেক্স বেড়েছে দশমিক ৪৬ শতাংশ। দশমিক ৭৭ শতাংশ বেড়েছে মিসরের ইজিএক্স ৩০ সূচক।

আরও