নিষেধাজ্ঞা প্রত্যাহার

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু

ভারতে গম রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় দীর্ঘ সাড়ে তিন বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় গম আমদানি শুরু হয়েছে।

গত শনিবার বিকালে ভারত থেকে তিনটি ট্রাকে ১১৬ টন গম বন্দরে প্রবেশের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়।

মিফা ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের ইজান ট্রেডার্স থেকে এ গম আমদানি করেছে। এর আগে অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ২০২২ সালের ১৩ মে ভারত সরকার গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ফলে দীর্ঘ সময় ধরে এ বন্দর দিয়ে গম আসা বন্ধ ছিল।

হিলি স্থলবন্দরের আমদানিকারক মোস্তাফিজুর রহমান জানান, গত ১৩ ফেব্রুয়ারি ভারত সরকার রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। গত শনিবার পরীক্ষামূলকভাবে তিনটি ট্রাকে করে গমের চালান দেশে এসেছে।

তিনি বলেন, ‘‌ভারতীয় এফসিআই জাতের গমের গুণগত মান ভালো এবং দেশের বাজারে এর চাহিদাও রয়েছে। তবে বর্তমানে কানাডা ও ইউক্রেনের পাশাপাশি দেশী গমের দাম বাজারে কেজিপ্রতি ৩৪ টাকার আশপাশে থাকায় আমদানিতে খুব একটা মুনাফা হচ্ছে না। এ কারণে আমদানিকারকরা এখনো পুরোদমে আমদানিতে আগ্রহী নন। তবে ভারতে নতুন গম বাজারে উঠতে শুরু করলে যদি দাম কিছুটা কমে।’

হিলি স্থলবন্দরের কর্মকর্তা ইউসুফ আলী জানান, এ বন্দর দিয়ে সর্বশেষ ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর ভারত থেকে গম আমদানি হয়েছিল। এরপর থেকে দীর্ঘ তিন বছর ছয় মাস ১৩ দিন আমদানি সম্পূর্ণ বন্ধ ছিল।

তিনি বলেন, ‘‌আমদানিকারকরা আবেদন করলে দ্রুত গমের মান পরীক্ষা করে ছাড়পত্র দেয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা দ্রুত বন্দর থেকে পণ্য খালাস করতে পারেন। বাণিজ্য গতিশীল করতে বন্দর কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা প্রদান করছে।’

আরও