নৌপথকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে গতিশীল করতে শিগগিরই মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মাপারে শুরু হবে আন্তর্জাতিক মানের কনটেইনার পোর্টের নির্মাণকাজ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মালিকানাধীন ২৯ দশমিক ৩১ একর জায়গায় এ বন্দর নির্মাণে ব্যয় হবে ৭৫৬ কোটি টাকা।
লৌহজংয়ের শিমুলিয়ায় বিআইডব্লিউটিএর কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত এক সভায় এ নিয়ে আলোচনা হয়। শিমুলিয়া ফেরিঘাটের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এ আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা ও নৌবাহিনী প্রধানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
সভা শেষে নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পোর্টটি বাস্তবায়িত হলে এটি দেশের জন্য অর্থনৈতিক অগ্রগতির নতুন দ্বার খুলে দেবে ও স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি পোর্ট এলাকার বাইরে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নেও সরকার সম্পূর্ণ সহযোগিতা করবে।’
তিনি আরো জানান, সরকার এরই মধ্যে দেশের আরো কিছু রিভারাইন পোর্টকে ‘ওয়েট লিজ’ ভিত্তিতে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে। একটি প্রকল্প দিয়ে শুরু করে ধাপে ধাপে আরো কয়েকটি বাস্তবায়ন করা হবে। ব্যক্তি উদ্যোগে কেউ পোর্ট উন্নয়নে আগ্রহী হলে সরকার তাদের উৎসাহিত করবে।
সভায় আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, জেলা পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন প্রমুখ।