সুরমা প্লান্টে ১৮০ কোটি টাকা বিনিয়োগ করবে লাফার্জহোলসিম

সিমেন্ট খাতের তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি সুরমা প্লান্টে ১৮০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

সিমেন্ট খাতের তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি সুরমা প্লান্টে ১৮০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, লাফার্জহোলসিম সুনামগঞ্জের ছাতকে অবস্থিত সুরমা প্লান্টে মিল স্থাপন করবে। এতে কোম্পানিটির ব্যয় হবে ১৮০ কোটি টাকা। মিলটি স্থাপন হলে প্লান্টের জ্বালানি দক্ষতা ও নির্ভরযোগ্যতা বাড়বে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) লাফার্জহোলসিম বাংলাদেশের নিট বিক্রি হয়েছে ৮৫১ কোটি ৫০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে নিট বিক্রি ছিল ৮২৫ কোটি ৭০ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির বিক্রি বেড়েছে ৩ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৩৯ কোটি ১০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৬২ কোটি ৭০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১৪ দশমিক ৫১ শতাংশ। প্রথম প্রান্তিকে লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪০ পয়সা। কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, জ্বালানি খরচ বৃদ্ধি ও সিমেন্টের দাম কমে যাওয়ায় কোম্পানিটির পরিচালন মুনাফা কমেছে ১৬ শতাংশ।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য মোট ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৯ শতাংশ চূড়ান্ত নগদ ও ১৯ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে লাফার্জহোলসিম বাংলাদেশের ইপিএস হয়েছে ৩ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ১৪ পয়সায়।

সুইজারল্যান্ডভিত্তিক হোলসিম গ্রুপ ও স্পেনভিত্তিক সিমেন্টোস মলিন্স গ্রুপের যৌথ উদ্যোগ লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৩ সালে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৬১ কোটি ৩১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০। এর মধ্যে ৬৩ দশমিক ৯৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২১ দশমিক শূন্য ৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৮৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১৪ দশমিক ১১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

আরও