মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশান ২-এ ব্যাংকের প্রধান কার্যালয় এনবি টাওয়ারের বোর্ড রুমে এ সভার আয়োজন করা হয়। এমডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান। কমিটির সদস্য ড. আবু ইউসুফ মো. নেছার উদ্দিন ও ড. মুহাম্মদ শাহজাহান মাদানী এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমডিবির ইসলামী ব্যাংকিং কার্যক্রম তদারকি এবং শরিয়াহ নীতিমালা ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন নিশ্চিত করতে শরিয়াহ সুপারভাইজরি কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শরিয়াহসম্মত ব্যাংকিং কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি আধুনিক, নৈতিক ও গ্রাহকবান্ধব ইসলামী ব্যাংকিং সেবা নিশ্চিতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন এমডিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. জাহিদ হোসেন; ডিএমডি ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. নাজমুল হুদা সরকার; প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. দিদারুল ইসলাম; ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান আবুল কালাম আজাদ; অপারেশনস বিভাগের প্রধান মোহাম্মদ নূরুন্নবী এবং বোর্ড সেক্রেটারিয়েটের ডেপুটি সেক্রেটারিসহ প্রধান কার্যালয়ের কর্মকর্তারা।